মাদক মামলায় রেহাই নেই, এনসিবির অভিযুক্তের তালিকায় নাম অভিনেত্রী রিয়া ও তাঁর ভাইয়ের
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দু'বছর পরও ফাঁড়া কাটল না অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ওপর থেকে। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদক মামলায় বুধবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক সহ অন্যান্যদের বিরুদ্ধে খসড়া অভিযোগ দায়ের করেছে। বিশেষ সরকারি আইনজীবী অতুল সরপাণ্ডে জানিয়েছেন, প্রসিকিউশন আদালতে দাখিল করা চার্জশিটে উল্লিখিত সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বজায় রেখেছে।

রিপোর্ট অনুযায়ী, প্রসিকিউশন রিয়া ও শৌভিকের বিরুদ্ধে মাদক সেবন ও প্রয়াত বলিউড অভিনেতার জন্য এই ধরনের পদার্থ সংগ্রহ ও টাকা দেওয়ার জন্য আদালতের কাছে চার্জ গছনের প্রস্তাব করেছে। এখানে উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত তাঁর মুম্বইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মাদক সেবন, মাদক সঙ্গে রাখা ও মাদকের ব্যবসা করার সেই মামলায় রিয়া ও তাঁর ভাই শৌভিক সহ অন্যান্যদের অভিযুক্ত দায়ের করা হয়েছিল। রিয়া ও শৌভিককে গ্রেফতারও করা হয়। তবে এঁদের বেশিরভাগই এখন জামিনে মুক্ত।
সরকারি আইনজীবীর কথায়, এদিন আদলতের সকল অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের কথা থাকলেও তা সম্ভবপর হয়নি কারণ বেশ কয়েকজন অভিযুক্ত অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন আদালতে। সংবাদ সংস্থার মতে জানা গিয়েছে যে আদালত বলেছে নিষ্পত্তির আবেদনের সিদ্ধান্ত নেওয়ার পরেই অভিযোগ গঠন করা হবে। বুধবার রিয়া ও শৌভিক সহ অন্যান্য অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ বিচারক ভি জি রঘুবংশী এনডিপিএস আইনের আওতায় এই মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন ১২ জুলাই।
সুশান্তের মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। যার জেরে রিয়াকে একাধিকবার সিবিআই, ইডি ও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। ২০২০ সালে রিয়াকে একমাসের জন্য জেলও খাটতে হয়। তবে পরে অভিনেত্রী বম্বে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। সিবিআই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত করছে। সম্প্রতি রিয়া সুশান্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে বেশ কিছু পুরনো ছবি শেয়ার করে স্মৃতিতে ভেসেছেন।












Click it and Unblock the Notifications