বহু প্রতীক্ষার পর অবশেষে রণবীর সিং ঘোষণা করলেন ‘৮৩’ সিনেমার মুক্তির দিন
রণবীর সিং ঘোষণা করলেন ‘৮৩’ সিনেমার মুক্তির দিন
অবশেষে অপেক্ষার অবসান। ভক্তেরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত '৮৩’ সিনেমাটির জন্য। এবার সেই দীর্ঘ প্রতীক্ষা শেষ হল। শুক্রবারই এই ছবির টিজার মুক্তি পেয়েছে এবং ছবি মুক্তির দিনও এদিন ঘোষণা করা হয়েছে।

২৪ ডিসেম্বর মুক্তি পাবে
নোবেল করোনা ভাইরাসের প্রকোপের ফলে এই ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরই ছবি মুক্তির দিন ঘোষণা করা হল। ছবির টিজার শেয়ার করে রণবীর সিং জানিয়েছেন যে ২৪ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগের দিনই এই সিনেমাটি মুক্তি পাবে।

৩০ নভেম্বর ট্রেলার মুক্তি
ইনস্টাগ্রামে এই বড় ঘোষণা করার সঙ্গে সঙ্গে রণবীর সিং ৫৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন এবং জানান যে এই ছবির ট্রেলার ৩০ নভেম্বর মুক্তি পাবে। রণবীর লেখেন, 'খুব ভালো গল্প। দারুণ এক মহিমা। ৮৩ সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ২৪ ডিসেম্বর, ২০২১ সালে, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়। টিজার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি পাবে ৩০ নভেম্বর।' গতমাসেই এই সিনেমাটি মুক্তি পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। ২০২০ সালের বড়দিনে এই ছবি মুক্তি পাবে বলে ঠিক থাকলেও করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যায়। এর আগে ২০২০ সালের ১০ এপ্রিল '৮৩' মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হলেও ফের পিছিয়ে দেওয়া হয়।

কপিল দেবের কাছে প্রশিক্ষণ
যদিও আগেই এই ছবি যে বড়দিনের সময়ই মুক্তি পাবে তার আভাস দিয়েছিলেন রণবীর সিং। তবে বারবার এই ছবি মুক্তির দিন পিছিয়েছে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে সিনেমা হল খুলতে শুরু করেছে। সেই দেখেই নির্মাতা এ বার ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। এই সিনেমার জন্য রণবীর নিজে কপিল দেবের কাছে ক্রিকেট নিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। বড়দিনের আগেই মুক্তি পাবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ঘটনা নিয়ে নির্মিত বহু প্রতীক্ষিত এই সিনেমা।

কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে
১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অবিস্মরণীয় জয় নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে। সিনেমার পরিচালক কবীর খান। এই সিনেমায় বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। কপিল দেবের স্ত্রী-এর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রণবীর ও দীপিকা বাদে এই সিনেমায় অভিনয় করছেন সাকিব সালিম, তাহির রাজ ভাসিন, অ্যামি ভির্ক, চিরাগ পাটিল, হারডি সান্ধু, জিভা, সাহিল খট্টর, যতীন সরনা, পঙ্কজ ত্রিপাঠি এবং বোমান ইরানি সহ অন্যান্যরা।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications