আনুষ্ঠানিকভাবে স্বামী–স্ত্রী হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, সম্পন্ন হল বিয়ে
আনুষ্ঠানিকভাবে স্বামী–স্ত্রী হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, সম্পন্ন হল বিয়ে
হ্যাঁ, আনুষ্ঠানিকভাবেই স্বামী–স্ত্রী হয়ে গেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বৃহস্পতিবার দুই তারকার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের রীতি সারা হয়। ১৪ এপ্রিল রণবীর কাপুরের বান্দ্রার বাড়ি বাস্তুতে এই বিগ ফ্যাট বিয়ের আসর বসে। রণবীর–আলিয়ার বিয়েতে এদিন সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করে দেন। এসেছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, করিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর, মহেশ ভাট, পুজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় সহ আরও বিশিষ্ট অতিথিরা।

রণবীর ও আলিয়ার বিয়ের পর এই দু’জন স্বামী–স্ত্রী হিসাবে সংবাদমাধ্যমের সামনে আসবেন সন্ধ্যা ৭টার পর। বিবাহিত দম্পতি হিসাবে এটাই হবে সংবাদমাধ্যমের সামনে তাঁদের প্রথম আলাপচারিতা। এটা বলা ভুল হবে না যে রণবীর ও আলিয়ার বিয়ের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে। এই দুই তারকার ভক্তরাই অধীর আগ্রহে তাঁদের বিয়ের ছবির জন্য অপেক্ষা করছেন।
বিয়ের পর কিছুদিনের মধ্যেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের গ্র্যান্ড রিসেপশন হওয়ার কথা রয়েছে। যেখানে রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে দেখা যাবে যোগ দিতে। বিয়েতে এলাহি খাওয়া–দাওয়ার ব্যবস্থা ছিল। বিয়ের মতোই রিসেপশনেও হবে দেদার খাওয়া–দাওয়া। চাঁদের হাট বসবে রিসেপশনে।
রণবীর–আলিয়ার বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। বিয়ে বা তার আগের অনুষ্ঠানের কোনও ছবি যাতে না ফাঁস হয় তার সঙ্গে মোবাইল ফোনের ক্যামেরা স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয় অতিথি সহ বিয়ের কাজে মোতায়েন কর্মীদের। ছিল ২০০ জন বাউন্সার। সকলের তরফ থেকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের নতুন জীবনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।












Click it and Unblock the Notifications