না রণবীরের, কথা হয়নি পরমব্রতর সঙ্গে, নিজের বায়োপিকে কি তবে দেখা যাবে স্বয়ং সৌরভকে?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক
এ বছরের জুলাই মাসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বলিউডে তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি হওয়াতে তিনি রাজি আছেন। তখন শোনা গিয়েছিল যে সৌরভের ভূমিকায় অভিনেতা রণবীর কাপুরকে দেখা যেতে পারে। এর পাশাপাশি খবর এটাও ছিল যে টলিউডের পরমব্রত চট্টোপাধ্যায় সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন, কারণ 'দাদা’র সঙ্গে তাঁর মুখের মিল রয়েছে। যদিও সাম্প্রতিক পাওয়া খবর অন্য গল্পই শোনাচ্ছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক
এ মাসের গোড়ার দিকে লাভ রঞ্জন প্রযোজনার লাভ রঞ্জন এই বায়োপিকের ঘোষণা করেছিলেন। সেই সময় থেকেই সৌরভ ভক্তদের মধ্যে এই বায়োপিক নিয়ে উত্তেজনা চরমে ছিল, বিশেষ করে তাঁদের প্রিয় 'দাদা'র ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে কৌতুহল ক্রমশঃ বাড়ছিল। সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, 'ক্রিকেট আমার জীবন, এটি আমাকে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সামর্থ্য ও আত্মবিশ্বাস দিয়েছে, এই সফর আমার কাছে আবেগে ভরা। এটা শুনে রোমাঞ্চকর লাগছে যে লাভ ফিল্মস আমার এই সফর ও জীবনীকে বড় পর্দায় আনার জন্য বায়োপিক প্রযোজনা করছে।'

পরমব্রত বা রণবীর কাপুর, সৌরভের চরিত্রে কে?
কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ও সফল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বায়োপিকের নির্মাতাদের কথা চলছে। সৌরভের ভূমিকায় তাঁকে নেওয়ার চিন্তাভাবনা চলছিল। যদিও সূত্রের খবর, নির্মাতা সৌরভের চরিত্রের জন্য রণবীর কাপুরের সঙ্গে কথা বললেও পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও কথাই হয়নি। বরং শোনা যাচ্ছে, লাভ রঞ্জন, যিনি বর্তমানে রণবীরকে পরিচালনা করছেন তিনি অভিনেতার কাছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয়ের কথা উল্লেখ করেছেন। তবে রণবীর এই বায়োপিক নিয়ে তেমন কোনও আগ্রহ দেখাননি, কারণ তাঁর ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি প্রিয়। এ দিকে পর্দাজুড়ে তাঁকে ক্রিকেট খেলতে হবে। তাই, তিনি এই ছবিতে অভিনয়ে আগ্রহী নন। আর পরমব্রতকে বিবেচনার মধ্যেই ধরা হয়নি। আসলে নির্মাতারা এই বায়োপিকের জন্য প্যান-ইন্ডিয়া মুখ চাইছেন।

নিজের চরিত্রে অভিনয় করতে পারেন সৌরভ?
বিশেষ সূত্রের আরও একটি গোপন খবর মারফৎ জানা যাচ্ছে যে যেভাবে বিজ্ঞাপন ও সঞ্চালনার মাধ্যমে সৌরভ নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করছেন, তাতে তাঁর ক্যামেরা ভীতি দূর হয়ে গিয়ে বন্ধুত্ব হয়েছে ক্যামেরার সঙ্গে, নিজেকে ঘষে মেজে তৈরি করে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। তাই সম্ভাবনা রয়েছে নিজের বায়োপিকে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ত নিজেই অভিনয় করতে পারেন। যদিও এর উত্তর এখনও অধরা।

কাজ চলছে চিত্রনাট্য লেখার
এই বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত চিত্রনাট্য তৈরির পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রযোজক। কে অভিনয় করবেন তাহলে সৌরভের বায়েপিকে? ততদিন এটা রহস্যই থাক, আর একটু কৌতুহলের উদ্রেক হোক সৌরভ অনুগামীদের মনে।












Click it and Unblock the Notifications