সাত নয়, বিয়েতে চার পাকে বাঁধা পড়েন রণবীর–আলিয়া, ফাঁস করলেন আলিয়ার ভাই রাহুল
সাত নয়, বিয়েতে চার পাকে বাঁধা পড়েন রণবীর–আলিয়া, ফাঁস করলেন আলিয়ার ভাই রাহুল
বৃহস্পতিবার আলিয়া ভাট ও রণবীর কাপুর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বহু প্রতীক্ষা, নানান জল্পনা–কল্পনার পর অবশেষে এই বিশেষ দিনটি সামনে আসে। বিয়ের পর আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রামে নবদম্পতির ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কিন্তু তাও ভক্তদের কৌতুহলের শেষ নেই। তাঁরা বিয়ের অন্দরমহলের খবর জানতে কৌতুহলী হয়ে পড়েছেন। ইতিমধ্যেই বর–কনের পোশাক নিয়ে কৌতুহল মেটানো হয়েছে এবার আলিয়ার ভাই রাহুল দত্ত জানালেন যে রণবীর ও আলিয়া বিয়ের সাত পাকের বদলে ৪ পাক ঘুরেছেন। কিন্তু কেন?

বাড়িতেই বিয়ের অনুষ্ঠান
আলিয়া ও রণবীর বিয়ে করেন রণবীরের বান্দ্রার বাড়ি বাস্তুতে। বিয়ের অনুষ্ঠানে বরমালার সময় রণবীর হাঁটু মুড়ে বসে পড়েন যাতে আলিয়া বরমালা পরাতে পারেন তাঁকে এবং রণবীরের আলিয়াকে চুমু খাওয়ার পর বিয়েতে উপস্থিত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাঁদের অভিনন্দন জানান।

সাতের বদলে ৪ পাক
বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে রাহুল এক সর্বভারতীয় সংবাদমামাধ্যমকে বলেন, 'খুব অদ্ভুতভাবে এই বিয়েতে সাতের বদলে ৪ পাকে ঘুরেছেন রণবীর-আলিয়া। তাঁদের বিশেষ পুরোহিত ছিল। ভাইদের প্রয়োজন ছিল এমন একটি অনুষ্ঠানে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। কাপুর পরিবারের সঙ্গে এই পুরোহিত বহু বছর ধরে রয়েছেন। তিনি প্রত্যেকটি পাকের মাহাত্ম্য বুঝিয়ে দিচ্ছিলেন। এক পাক ধর্মের জন্য, এক পাক সন্তানের জন্য। তাই এটা সত্যিই আকর্ষণীয় ছিল। আমরা এটা প্রকাশ্যে আনব না। আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে একাধিক রীতি-নীতি। তাই এটা আকর্ষণীয় ছিল। সাত নয় বরং ৪ বার ঘোরা হয়েছে আর আমি সেই ৪ বারের ঘোরার সাক্ষী ছিলাম।

বিয়ের ছবি প্রকাশ করেন আলিয়া
আনুষ্ঠানিক বিয়ের পর আলিয়া নিজে তাঁর ইনস্টাগ্রামে প্রথম বিয়ের ছবি শেয়ার করেন। তাঁরা কেন বাড়িতে বিয়ে করলেন সেটা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'আমাদের সবথেকে প্রিয় জায়গা, আমাদের বাড়িতে বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমরা বিয়ে সারলাম। সেই ব্যালকনি, যেখানে আমরা গত পাঁচটা বছর সম্পর্কে থাকাকালীন কত সময় কাটিয়েছি। আমাদের অনেক স্মৃতি আগেও রয়েছে। আর আমরা দুজনে অনেক অনেক স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না। ভালোবাসা, হাসি, নীরবতা, সিনেমা দেখার রাত, ছোট ছোট ঝগড়া মারপিঠের কত স্মৃতি রয়েছে। আমাদের জীবনের সেরা সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটা আমাদের জীবনের বিশেষ মুহূর্তটাকে আরও বিশেষ করে দিয়েছে।'

স্বামী–স্ত্রী রণবীর–আলিয়া
বিয়ে শেষ হতেই প্রকাশ্যে আলিয়ার হাত ধরে এলেন রণবীর কাপুর। পাপারাৎজিদের ক্যামেরায় পোজও দেন। হাসি মুখে অভিবাদন গ্রহণ করেন। প্রসঙ্গত, জানা যায়, গত পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। আর অবশেষে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।












Click it and Unblock the Notifications