প্রথমবার রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে ‘গণেশ বন্দনা’ শুনলেন শ্রোতাবৃন্দ
আজ গণেশ চতুর্থী। সেই উপলক্ষ্যেই সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল 'সুখকর্তা দুঃখহর্তা' গানটি। সম্প্রতি আশা অডিও-র ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই গণেশ বন্দনা। নীলাঞ্জন ঘোষের সঙ্গীত পরিচালনায় ও রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি ইতিমধ্যেই শ্রোতাদের হৃদয়হরণ করেছে।
রাঘব চট্টোপাধ্যায়কে এখন জনপ্রিয় রিয়্যালিটি শো 'সারেগামাপা'-র বিচারকের আসনে দেখা যাচ্ছে। ওই শো-এ বিচারকের আসনে ইমন চক্রবর্তীর সঙ্গে জুটি হিসাবে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। আট থেকে আশি সকলেই মুগ্ধ তাঁর গানে। রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া 'মেঘ কেন আসে না আমার ঘরে' গানটি আজও বাঙালির মনে সমানভাবে দাগ কাটে।

এবার অন্যভাবে আবারও শ্রোতাদের মন জয় করলেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। প্রথমবার 'গণেশ বন্দনা' শোনা গেল রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। নীলাঞ্জন ঘোষের সঙ্গেও এটি তাঁর প্রথম কাজ।
রাঘব চট্টোপাধ্যায়ের কথায়, 'গণেশ পুজো অনেকেই করেন। কিন্তু গণেশ বন্দনা যদি নিজে গাওয়ার সুযোগ পাই। তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রথমবার গণেশ বন্দনা গাইতে পেরে খুবই ভালো লাগছে'।
নীলাঞ্জন ঘোষ জানান, 'এই গানটি আমরা বহুবার শুনেছি। এবার সুখকর্তা দুঃখহর্তা গানটি আবারও নতুনভাবে পরিচালনা করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আশা করছি সকলের ভালো লাগবে'। ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠের এই 'গণেশ বন্দনা'। ফলে গানটির পরিচালক এবং সঙ্গীত শিল্পী কেউই যে আশাহত হবেন তা বলাই যায়।












Click it and Unblock the Notifications