‘আমার ছবি অতীতে সফল হয়নি’, ‘বুমেরাং’-এর সাফল্যের পর অকপট অভিনেতা সৌরভ দাস
বক্স অফিসে সাড়া ফেলেছে জিৎ-রুক্মিণী অভিনীত ছবি 'বুমেরাং'। সৌভিক কন্ডু-র পরিচালনায় চলতি মাসেই মুক্তি পেয়েছে ছবিটি। 'বুমেরাং'-এ ডাঃ সমর সেনের বন্ধু অয়নের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস।
ছবিটি মুক্তির পর বিশেষভাবে নজর কেড়েছে জিৎ-সৌরভ জুটিও। আবার কবে এই জুটিকে দেখতে পাবেন দর্শক? অতীতে কেন সফলতা পায়নি সৌরভ দাস অভিনীত সিনেমা? ওটিটিতে আবার কবে দেখা যাবে তাঁকে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে ওয়ান ইন্ডিয়া বাংলার একান্ত সাক্ষাৎকারে অভিনেতা সৌরভ দাস।

প্রঃ বক্স অফিসে সুপার হিট 'বুমেরাং'। এই সফলতার আসল কারণ কী?
উঃ কঠোর পরিশ্রম। অনেক সময় পরিশ্রম করলেও দাম পাওয়া যায় না। তবে একটানা পরিশ্রম করলে সাফল্য আসে। 'বুমেরাং'-এর ক্ষেত্রেও সেটাই হয়েছে।
প্রঃ এখন জিৎ-সৌরভ জুটি হিট। আবারও কি এই জুটিকে দেখতে পাবে দর্শক?
উঃ এখনও জানি না। তবে, এই জুটি আবারও আসতেই পারে।
প্রঃ 'বুমেরাং' মুক্তির আগে কি একটু টেনশনে ছিলেন?
উঃ না, আমি খুব একটা টেনশনে ছিলাম না। আসলে অতীতে আমার অভিনীত কোনও ছবি সফল হলে তবেই টেনশন হতো। কিন্তু, সেটা হয়নি। ফলে আমার সেভাবে টেনশন হয়নি। শুধু এটুকুই মনে হয়েছিল যে, শুটিংয়ের সময় আমরা যেভাবে মজা করেছি, সেটা দর্শকের সামনে যেন তুলে ধরতে পারি। তবে, হ্যাঁ একটু উদ্বেগে তো ছিলামই। কিন্তু এখন 'বুমেরাং'-এর সাফল্য দেখে খুবই খুশি। সত্যি কথা বলতে, এতটা আশা করিনি।
প্রঃ অতীতে কোনও সময়েই কি আপনার অভিনীত ছবি সফল হয়নি?
উঃ না। অনেক সময় আমার মনে হয়েছে ছবির গল্পগুলো ভালো নয়। গল্প ভালো হলে তবেই মানুষ দেখবে। লোকের দোষ দিয়ে লাভ নেই। বাজেট কম, ইন্ডাস্ট্রি ছোটো, এইসব বলেও লাভ নেই। গল্প ভালো হতে হবে। যেমন, 'অথৈ' যদি মানুষ না দেখে তাহলে বলবো আপনারা ভালো ছবি চেয়েছিলেন, ভালো ছবি হয়েছে, তবুও আপনারা দেখেননি। এক্ষেত্রে আমি মানুষকে বলতে পারি। কিন্তু গল্পটাই যদি ভালো না হয়, তাহলে তো কিছু বলার নেই।
প্রঃ পরিচালক সৌভিক কুন্ডু-র সঙ্গে কি আবারও কাজ করার ইচ্ছা রয়েছে?
উঃ অবশ্যই। আমার সঙ্গে সৌভিক দা-র সম্পর্ক খুবই ভালো। পরিচালক ও অভিনেতার মধ্যে সম্পর্কটা খুবই জমে উঠেছে। পরবর্তীকালে আমরা আবার একসঙ্গে কাজ করতে পারি।
প্রঃ 'বুমেরাং' মুক্তির সময়ে অন্য আরও বেশ কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে এসেছে। ফলে 'বুমেরাং' শো টাইম সেভাবে পায়নি। সেই কারণে কি 'বুমেরাং'-এর ব্যবসায় কিছুটা হলেও লোকসান হলো?
উঃ হ্যাঁ। এটা অনেকদিন ধরেই চলে আসছে। বরাবরই বাংলা ছবিকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না। সেই কারণে আমরা বারবার দক্ষিণী সিনেমার প্রসঙ্গ তুলতে বাধ্য হই। আমাদের এখানে বাংলা সিনেমাকে অতটা প্রাধান্য দেওয়া হয় না। হিন্দি ছবি প্রেক্ষাগৃহে এসে গেলেই বাংলা ছবির প্রাধান্য কমতে থাকে। বাংলা ছবির শো টাইম কমে যায়। 'বুমেরাং'-এর ক্ষেত্রেও এটাই হয়েছে। তবে আবারও শো টাইম পেয়েছে 'বুমেরাং'।

প্রঃ 'বুমেরাং' দেখার পর আপনার সঙ্গে কেউ কি যোগাযোগ করলেন?
উঃ হ্যাঁ। 'বুমেরাং' দেখার পর অনেকেই যোগাযোগ করেছেন। একসঙ্গে কাজ করার কথাও অনেকে জানিয়েছেন। আসলে ভালো কাজ করার পর সেটাই আশা করা যায়। কারণ, আমি প্রযোজকের ঘরে গিয়ে বসে থাকি না। সেক্ষেত্রে আমার কাজটাই একমাত্র বিশ্বাস ও ভরসা। আমার মনে হয়, কাজ ভালো করলে কাজ পাওয়া উচিত, এটাই স্বাভাবিক। এমনটাই হচ্ছে।
প্রঃ সুপারস্টার জিতের পর কোন কোন তারকার সঙ্গে অভিনয় করার ইচ্ছা রয়েছে?
উঃ চরিত্র ভালো পেলে আমি যে কারোর সঙ্গে কাজ করতে রাজি। তবে হ্যাঁ, বুম্বা দা, দেব দা-র সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে।
প্রঃ ওটিটিতে আবার আপনাকে কবে দেখা যাবে?
উঃ আগামী ১৯ জুলাই ক্লিক প্ল্যাটফর্মে আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'মিল্কশেক মার্ডার্স'। সেখানে অদ্ভূত একটা চরিত্রে আমাকে দেখা যাবে। আমাকে অন্যরকম একটা চরিত্রে দেখা যাবে এই সিরিজে। আমার খুব ভালোলেগেছে।
প্রঃ ছবির চেয়ে ওটিটি আপনাকে বেশি জনপ্রিয়তা দিয়েছে?
উঃ অবশ্যই। গুগলে কিং অফ বাংলা ওয়েব সিরিজ সার্চ করলে আমার নামই দেখায়। ফলে হ্যাঁ, ওটিটিতে বেশি সফলতা পেয়েছি আমি।
প্রঃ সিনেমা পরিচালনা করার ইচ্ছা রয়েছে?
উঃ হ্যাঁ। ইচ্ছা আছে। অনেকগুলো গল্পও আছে আমার কাছে। তবে, আমি ছবি পরিচালনা তখনই করবো যখন আমার মনে হবে এটাই সঠিক সময় পরিচালনা করার। তখন সাত-আট মাসে বিরতি নিয়ে পরিচালনায় কাজ করবো। সেই সময়টা এখনও আসেনি।
প্রঃ শিবপ্রসাদ মুখোপাধ্যায় 'বুমেরাং'-এর প্রশংসা করেছেন। ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে?
উঃ প্রচণ্ড। খুবই ইচ্ছা শিবু দা-র সঙ্গে কাজ করার। শিবু দা-কে আমি জানিয়েওছি সেটা। শিবু দা-ও বলেছেন। কোনও না কোনওদিন নিশ্চয়ই একসঙ্গে কাজ করবো।
প্রঃ ছোট পর্দায় আবার কাজ করার ইচ্ছা রয়েছে?
উঃ ভালো চরিত্র পেলে আর সময় পেলে করতেই পারি। তবে এখনই ছোটপর্দায় ফেরার কথা ভাবছি না। কারণ, এখন আমি সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছি।












Click it and Unblock the Notifications