মা হওয়ার পর বড়পর্দায় প্রথম, নুসরত–গৌরব জুটি বাঁধছেন ‘স্বস্তিক সংকেত’–এ
নুসরত–গৌরব জুটি বাঁধছেন ‘স্বস্তিক সংকেত’–এ
নুসরত জাহান ও গৌরব চক্রবর্তী প্রথমবার বড়পর্দায় জুউটি বাঁধতে চলেছেন। নতুন বছরের শুরতেই ইতিহাস নির্ভর থ্রিলার ছবি 'স্বস্তিক সংকেত’ আসতে চলেছে। এই সিনেমায় নুসরতকে দেখা যাবে রুদ্রাণীর চরিত্রে এবং তাঁর স্বামী প্রিয়মের চরিত্রে থাকবেন গৌরব চক্রবর্তী। সায়ন্তন ঘোষাল পরিচালিত আসন্ন এই ছবিতে অভিনেত্রী নিজেই নিজের প্রথম লুক সামনে আনলেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। এসকে মুভিজের অফিশিয়াল পেজ থেকেও এই ছবির টিজার শেয়ার করা হয়েছে।

কে কে রয়েছেন
এই সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে। ছবিতে রুদ্রনীল ঘোষকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। উল্লেখ্য, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা 'নরক সংকেত' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য ও সংলাপ।
ছবির গল্প
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই এই ছবি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। হিটলারের সঙ্গে নেতাজির সাক্ষাৎ সহ একাধিক ঐতিহাসিক মুহূর্তকে তুলে ধরা হবে এই সিনেমায়। জানা গিয়েছে নুসরতের চরিত্র এই ছবিতে একটু অন্যরকম। ক্রিপটোগ্রাফি নিয়ে বেশ উৎসাহিত থাকতে দেখা যাবে রুদ্রাণী তথা নুসরতকে। এমনকি সেই নিয়ে বইও লিখবেন তিনি। সেই বইয়ের প্রকাশের জন্য স্বামী, আইটি কর্মী প্রিয়মের সঙ্গে লন্ডন যেতে দেখা যাবে তাঁদের। সেখানে গিয়ে তাদের দেখা হবে সিগমন্ড শুমেখারের (শতাফ ফিগার) সঙ্গে। ছবিতে রুদ্রাণীকে ক্রিপটোগ্রাফি কোড উদ্ধার করতে বলবেন তিনি। আর সেই কোড উদ্ধার করতে গিয়ে এই রহস্যের জালে জড়িয়ে পড়বেন তাঁরা। এরপরই দেখানো হবে চল্লিশ দশকের ভাইরাস ফের ছড়িয়ে পড়ছে বর্তমান যুগে। আর তারই অ্যন্টিডোটের খোঁজে জড়িয়ে পড়বেন নুসরাত ও গৌরব। শেষ পর্যন্ত কি হয় তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের।

কবে মুক্তি পাচ্ছে
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২'এর ২১ জানুয়ারি মুক্তি পেতে পারে 'স্বস্তিক সংকেত'। তবে একই দিনে মুক্তি পেতে চলেছে 'ধর্মযুদ্ধ'ও। বড়পর্দায় জোর টক্কর হতে পারে নুসরত ও শুভশ্রীর। মা হওয়ার পর দু'জনেরই এটি প্রথম ছবি। দু'জনেই এই ছবি নিয়ে বেশ এক্সাইটেড রয়েছেন। সিনেমাপ্রেমীরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ছবিগুলোর জন্য। দর্শকদের নতুন বছরের উপহার হিসেবে এই দুটি ছবি দিতে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। যদিও কোন ছবি বেশি নজর কাড়ে সেটাই দেখার।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications