বিরুষ্কাই নন, ক্রিকেটার- অভিনেত্রীদের কয়েকটি জুটিতে লুটি -র উদাহরণ
বলিউড ও বাইশ গজের সম্পর্ক দীর্ঘদিনের । ভারতের দুই গ্ল্যামার ওয়ার্ল্ডের একে অপরের প্রতি টান দারুণ।
শুধু বিরাট কোহলি- অনুষ্কা শর্মাই নন। বহুদিন আগে থেকেই বাইশ গজ ও বিনোদন জগতের একে অপরের প্রতি আকর্ষণ অমোঘ।

খান ও ঠাকুর
এর প্রথম উদাহরণ শর্মিলা ঠাকুর ও নবাব মনসুর আলি খান পতৌদি। দীর্ঘদিনের সুখী দাম্পত্যের পথ কাটিয়েছেন জুটি। তাঁদের দুই সন্তান সইফ আলি খান ও সোহা আলি খান।

ভিভ ও নীনা
ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার সম্পর্কের স্ট্যাটাসটা একটু জটিল হলেও মাসাবা তাঁদের কন্যা। এবং মাসাবা-র পিতৃত্ব স্বীকার করতে কখনো বিমুখ হননি ভিভ।

ইন্দো-পাক সম্পর্ক
বলিউডের সে সময়ের হিট নায়িকা ছিলেন রীনা রয়। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পাকিস্তানের ক্রিকেটার মহসীন খান। সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে। ১৯৮৩ সালে বিয়ের পর ফিল্মি কেরিয়ার ছেড়ে দেন রীনা রয়। তাঁদের মেয়েও হয়। যদিও পরবর্তী পর্যায়ে বিয়ে ভেঙে যায় এবং মেয়ের কাস্টডিও হারান রিনা রয়।

আজহার ও বিজলানি
এরপর এই পথে পা বাড়িয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজাহরউদ্দিন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন সঙ্গীতা বিজলানিকে। হয়েছিল প্রচুর বিতর্ক। বিরাটের খারাপ ফর্মের জন্য যেরকম একটা সময়ে অনুষ্কার দিকে অভিযোগের আঙুল তুলছেন নিন্দুকরা। আজহারকেও সেটা করা হয়েছিল বিজলানিকে নিয়ে। যদিও বিরাটের মত দৃঢ় চিত্ত দেখাতে পারেননি আজহার। কোনও দিন প্রকাশ্যে সেগুলোর বিরোধিতা করেননি তদানীন্তন ভারত অধিনায়ক। তবে অনেক পথ পেরিয়ে যে বিয়ে সেই বিয়েও টেকেনি। ২০১০ সালে ডিভোর্স হয়ে যায় দু'জনের।

ভাজ্জি ও গীতা
বর্তমান ক্রিকেট জেনারেশনের বেশ কয়েকজন ক্রিকেটার অভিনেত্রীদের ঘরণী করেছেন। এখনকার তালিকায় প্রথম নাম হরভজন সিং। তিনি বিয়ে করেছেন গীতা বসরাকে। প্রথম সারির না হলেও বেশ কয়েকটি বলিউডি সিনেমায় অভিনেত্রী ছিলেন গীতা বসরা। অভিনয় করছেন ইমরান হাসমির বিপরীতেও।

যুবি এবং হেজেল
দীর্ঘদিন দেশের সেরা ব্যাচেলারের তকমা লাগিয়ে ঘোরা যুবরাজ সিংকে নিয়ে প্রচুর জল্পনা চলেছে। কিম শর্মা থেকে দীপিকা পাড়ুকোন অনেকের সঙ্গে নাম জড়ালেও বিয়ে অবধি বল গড়ানোর আগেই আটকে গেছে। তবে এক বলিউডি অভিনেত্রীর বলেই বোল্ড হন তিনি। তাঁকে বধ করেন হেজেল কিচ।

সাম্প্রতিকতম জুটি
জাহির খান ও সাগরিকা ঘাটগে হচ্ছেন বিরাট -অনুষ্কার আগের সাম্প্রতিকতম জুটি। নভেম্বরেই বিয়ে করেছেন দু'জন। ধর্মীয় বিভেদ থাকায় আগে রেজিস্ট্রি বিয়ে সেরে পার্টি দেন জাহির ও সাগরিকা। মলদ্বীপে তাঁদের হানিমুনের ছবিও ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications