শিবের অস্বীকারে ক্ষিপ্ত মনসা, কী ভাবে পেলেন অধিকার, কালার্স বাংলায় শুরু নতুন ধারাবাহিক 'মনসা'
কালার্স বাংলায় ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে 'মনসা' ধারাবাহিক। এই ধারাবাহিকটি সম্পূর্ণভাবেই মনসা-কে ফোকাসে রেখেই।
পৌরাণিক কাহিনি নিয়ে এর আগে বহু টিভি সিরিয়াল হয়েছে। কিন্তু, এতে মনসা-কে ঘিরে কোনও ধারাবাহিক তৈরি হয়নি। চাঁদ-সদাগর এবং মনসার দ্বৈরথ নিয়ে যে ধারাবাহিক তৈরি হয়েছে তাতে শিবের এই কন্যার কথা এসেছে। কিন্তু, এর সবটাতেই মনসা-র নেগেটিভ চরিত্রটাই বড় হয়ে উঠেছে। সেখানে কখনও দেখানো হয়নি মনসা এক নারী হিসাবে কেমন ছিলেন। কেন তাঁকে দেবীত্ব লাভের জন্য চাঁদ-সদাগরের ক্ষতি করতে হয়েছিল? এই প্রসঙ্গ এলেও তাতে মূল উপজীব্য হয়েছে মনসার তীব্র হিংসাত্মক মনোভাবটা।

কালার্স বাংলায় ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে 'মনসা' ধারাবাহিক। এই ধারাবাহিকটি সম্পূর্ণভাবেই মনসা-কে ফোকাসে রেখেই। লার্জার দ্যান লাইফ-এর মতো করেই এখানে মনসা-র চরিত্রটিকে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সৃজিত রায়। একজন নারী কেন অপরের ক্ষতি করতে উদ্যত হল সেটাই এখানে তুলে ধরা হয়েছে। মনসাকে কখনই মেয়ে বলে মানতে রাজি ছিলেন না শিব। শেষমেশ লড়াই করে শিবের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন সন্তানের অধিকার। হয়েছিলেন দেবী।
পরিচালক সৃজিতের কথায়, 'মঙ্গলকাব্যে আমার বারবারই মনসার বিষের পরিচয় পাই, কিন্তু একজন কেন লোকের ক্ষতি করতেও পিছপা হল না-সেটার ব্যাখ্যা কোথাও নেই। মনসা মানেই সবমিলিয়ে একটা নেগেটিভ মাইন্ড-সেট আমাদের মধ্যে কাজ করে। এই ধারাবাহিকে সেই মানসিকতাকে বদলানোর চেষ্টা হয়েছে।'

'মনসা' ধারাবাহিকে শুরুতেই অন্যতম আকর্ষণ মনসার জন্ম-কাহিনি। পরিচালক সৃজিত জানিয়েছেয়ন, এই জন্ম-কাহিনি এই ধারাবাহিকের অন্যতম টুইস্ট। মনসা-কে নিয়ে এর আগে যত ধারাবাহিক হয়েছে তাতেও এমনভাবে জন্ম-রহস্যকে তুলে ধরা হয়নি। এছাড়াও এই ধারাবাহিকে বাসুকি রাজ্য-কেও যেভাবে তুলে ধরা হয়েছে তা এর আগে কোনও ধারাবাহিকে দেখানো হয়নি বলেও দাবি করেন সৃজিত।
কালার্স বাংলার এই ধারাবাহিকে মনসা-র ভূমিকায় অভিনয় করছেন চাঁদনি সাহা। শিবের ভুমিকায় রয়েছে ইন্দ্রজিৎ মজুমদার। ছোট পর্দায় চাঁদনি ও ইন্দ্রজিৎ যথেষ্টই পরিচিত মুখ। চাঁদনি জানিয়েছেন, চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি মাঝে খেয়ালি ঘোষদস্তিদারের কাছে ডায়লগ থ্রোয়িং এবং এক্সপ্রেসন নিয়ে ওয়ার্ক-শপও করেছেন।
শিব-এর চরিত্রে অভিনয় করা ইন্দ্রজিৎ মজুমদার-এর এটাই প্রথম কোনও পৌরাণিক ধারাবাহিক। ইন্দ্রজিৎ-এর কথায় এখানে শিবের যে তাণ্ডব নৃত্য দেখানো হয়েছে তা তাঁর কাছে যথেষ্টই চ্যালেঞ্জের ছিল। কারণ তিনি যে এমন তাণ্ডব নৃত্য করতে পারেন তা নাকি তাঁর ধারণাতেই ছিল না। এই ধারাবাহিকের জন্য তাঁকে রীতিমতো শিবের চলন-বলন-কে মনে গাঁথতে হয়েছে। তাঁর আশা দর্শকরা তাঁর অভিনয় পছন্দ করবে।












Click it and Unblock the Notifications