বছরের প্রথম দিনেই মুক্তি পেলো ‘ লাভ আজ কাল পরশু’র টিজার, জুটি বাঁধলেন মধুমিতা-অর্জুন
বছরের প্রথম দিনেই মুক্তি পেলো ‘ লাভ আজ কাল পরশু’র টিজার, জুটি বাঁধলেন মধুমিতা-অর্জুন
বছরের প্রথম দিনেই মুক্তি পেলো পরিচালক প্রতীম ডি গুপ্তার ছবি 'লাভ আজ কাল পরশু’র টিজার। আর এই ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউডের নতুন জুটি মধুমিতা-অর্জুন। এই ছবি যে আদ্যপ্রান্ত প্রেমের তা টিজার দেখেই বোঝা যাচ্ছে।

এর আগে ছোটপর্দায় মধুমিতার অভিনয় মন কেড়েছে দর্শকের, এবার প্রতীম ডি গুপ্তার হাত ধরেই বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে মধুমিতা সরকারের। প্রেমের গল্পের পাশাপাশি ছবিতে থাকবে থ্রিলারের ও রোমাঞ্চ।একেবারে নতুন জুটির রোমান্টিক যাত্রা দিয়েই বছর শুরু করলেন পরিচালক।
এই ছবিতে দেখা যাবে প্রেম বন্ধুত্ব ভালোবাসার সম্পর্কের নানান সমীকরণ। ছবিতে রয়েছে বিশেষ চমক, মুখ্য চরিত্র মধুমিতা অর্জুন কে কখনও অভিজিৎ-তাপসী তো কখনও অভিরূপ-তৃপ্তি নামে দর্শকের সাথে পরিচয় করালেন পরিচালক। প্রথমে শোনা যায়, অভিনেতা যীশু সেনগুপ্তের নাকি এই ছবিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা আর সম্ভব হয়ে ওঠেনি বলেই জানিয়েছেন পরিচালক।
তবে, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী পাওলি দাম। এই নিয়ে পঞ্চমবারের জন্য পরিচালক প্রতীমের সঙ্গে কাজ করছেন পাওলি। টিজার দেখেই এই ছবি নিয়ে বেশ আশাবাদী দর্শকরা। চলতি বছরের ভ্যালেন্টাইন ডে তেই মুক্তি পেতে চলেছে পরিচালক প্রতীম ডি গুপ্তার ছবি 'লাভ আজ কাল পরশু’।












Click it and Unblock the Notifications