বন্দুকের নল থেকে বেরোচ্ছে কাঁটায় ভরা গোলাপ! প্রকাশ্যে এল ‘কিলবিল সোসাইটি’র নতুন পোস্টার
১৩ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'হেমলক সোসাইটি'। এবার এই ছবিরই সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'কিলবিল সোসাইটি'। কী ভাবছেন? চরিত্রগুলি সব একই থাকবে কিনা! নাহ্। এখানে চরিত্র পাল্টেছে তো বটেই। কেমনভাবে পাল্টেছে? এবার তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
'হেমলক সোসাইটি'-র সিক্যুয়েলে থাকছে একটা টুইস্ট। হিরো বদলে যাচ্ছে ভিলেনে! 'কিলবিল সোসাইটি'-র ফার্স্ট লুক দেখে যা কিছুটা আন্দাজ করতে পেরেছেন দর্শকবৃন্দ। 'কিলবিল সোসাইটি'র প্রধান মুখ পরমব্রত চট্টপাধ্যায়ের চরিত্র 'আনন্দ কর'-এর নতুন রূপ 'মৃত্যুঞ্জয়'। যে মৃত্যুর এবার দূত হয়ে এসেছে। এই ছবির ফার্সট লেক ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। এবার প্রকাশ্যে এল ছবির পোস্টার। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন দর্শককূল।

শহরের আকাশছোঁয়া এক অট্টালিকার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই পোস্টার। যেখানে একদিকে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অন্যদিকে রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। আর দুজনের মাঝে রয়েছে একটি বন্দুক যার নল দিয়ে বেরিয়ে আসছে কাঁটায় ভরা গোলাপ। পোস্টার দেখে এটা স্পষ্ট হয়েছে যে ছবির গল্প খুব একটা সহজ হবে না।
ছবির প্রথম ঝলকে পরমব্রতর লুক দেখে চমকে উঠেছিলেন দর্শককূল। এই ছবির প্রথম ঝলকে ন্যাড়া মাথায় হাতে বন্দুক নিয়ে দেখা গিয়েছে পরমব্রতকে। 'হেমলক সোসাইটি'তে দেখানো হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্র 'আনন্দ' মারণ রোগে আক্রান্ত, তার জেরেই কি নায়কের এই লুক? যদিও এই প্রশ্নের উত্তর এখনও অধরা। কিন্তু আনন্দর এই লুক দেখে এইটুকু আভাস পাওয়া যায় যে সে মৃত্যুকে জয় করেছে। আর তাই এবার সে আর আনন্দ কর নয়, সে এবার 'মৃত্যুঞ্জয়' হয়ে এসেছে 'কিলবিল সোসাইটিতে'।
এবার বদলে গিয়েছে পাশা! 'হেমলক সোসাইটি'-র 'ব্যাটম্যান'-ই এখন 'কিলবিল সোসাইটি'র 'জোকার' হয়ে উঠেছে। যাঁর কাছে প্রাণের গুরুত্ব ছিল সবেচেয় বেশি এখন সেই হাতে তুলে নিয়েছে মারণাস্ত্র।
এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য। আগামী ১১ এপ্রিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।












Click it and Unblock the Notifications