ধর্ষণের অভিযোগ উঠল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগ উঠল মিঠুন চক্রবর্তীর ছেলে মহাঅক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে। মুম্বই পুলিশের কাছে ৩৮ বছরের এক মহিলা মিমোর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। ওই মহিলা অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেছে। অভিযোগ রুজু হয়েছে ওসিওয়ারা পুলিশের কাছে বৃহস্পতিবার রাতে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগে বলা হয়েছে ওই মহিলার মহাঅক্ষয় চক্রবর্তীর সঙ্গে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্পর্ক ছিল এবং সেই সময়ে মিঠুন চক্রবর্তীর ছেলে তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন।’ ওই মহিলা আরও জানিয়েছেন যে তাঁদের সম্পর্ক চলাকালীন তিনি পশ্চিম আন্ধেরির আদর্শ নগরে মিমোর ফ্ল্যাট দেখতেও যান, যা ২০১৫ সালে মিঠুন–পুত্র কিনেছিলেন। মহিলা আরও দাবি করেন যে তিনি যখন ওই ফ্ল্যাটে যেতেন তখন অভিযুক্ত মিমো তাঁকে নরম পানীয়ের প্রস্তাব দিতেন এবং তাঁর সঙ্গে জোর করে শারিরীক সম্পর্ক করার চেষ্টা করতেন মিমো। এমনকী ওই মহিলা অন্তঃসত্ত্বাও হয়ে গিয়েছিলেন এবং মহাঅক্ষয় তাঁকে গর্ভপাত করানোর জন্য ওষুধও এনে দেন, দাবি মহিলার।
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, ওই মহিলার দাবি তিনি মহাঅক্ষয়কে বিয়ের জন্য জিজ্ঞাসা করেন। কিন্তু ২০১৮ সালে মিঠুন–পুত্র তাঁকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন, যার জন্য তাঁদের সম্পর্কে চিড় ধরে। এমনকী ওই মহিলা যখন মহাঅক্ষয়কে ফোন করতেন তখন তাঁর মা যোগিতা বালি ওই মহিলাকে হুমকিও দিতেন। এর আগে ২০১৮ সালের জুনে মহিলা মহাঅক্ষয় ও তাঁর মা যোগিতা বালির বিরুদ্ধে দিল্লির বেগমপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারিণী তাঁর ভাইয়ের সঙ্গে দিল্লি যান এবং পারিবারিক বন্ধুর বাড়িতে ছিলেন। সেই সময় পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩১৩ ও অন্যান্য ধারায় মামলা রুজু করে তা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। কিন্তু পরে দিল্লি আদালত এই মামলায় মহাঅক্ষয় ও তাঁর মাকে অন্তবর্তীকালিন জামিনে ছেড়ে দেয়।
২০২০ সালের মার্চ মাসে দিল্লি আদালত মহিলাকে জানায় যে তাঁর সঙ্গে যে জায়গায় ঘটনা হয়েছে সেখানকার পুলিশের কাছে অভিযোগ করতে। এরপরই মহিলা এ বছরের জুলাইতে মুম্বই পুলিশের কাছে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। মিমো বলিউডে হন্টেড থ্রিডি ও লুট ছবিতে কাজ করেছেন।












Click it and Unblock the Notifications