'ইচ্ছেনদী'-র ইতি, এবার বিয়ের পিঁড়িতে মেঘলা ওরফে সোলাঙ্কি! তাহলে অভিনয় কেরিয়ারের কী হবে?
জোর কানাঘুষো এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় মেগা ধারাবাহিক 'ইচ্ছেনদী'র জনপ্রিয় অভিনেত্রী মেঘলা ওরফে সোলাঙ্কি রায়।
দুর্ভাগ্যজনকভাবেই শেষ হয়ে গেল জনপ্রিয় মেগা ধারাবাহিক 'ইচ্ছেনদী'। কিন্তু এই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মেঘলা ওরফে সোলাঙ্কি রায় অবশ্য এবার নয়া ইনিংস শুরু করতে চলেছেন। জোর কানাঘুষো এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোলাঙ্কি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর দীর্ঘদিনের সঙ্গী সাক্যর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোলাঙ্কি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই সোলাঙ্কি-সাক্যর বিয়ে হয়ে যেতে পারে।

সাক্য বর্তমানে নিউ জিল্যান্ডের বাসিন্দা। দুই পরিবারের মধ্যে ইতিমধ্যে সাক্ষাৎ হয়ে গিয়েছে। বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই পাকা কথা হয়ে যাবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।
মিডিয়া সূত্রের খবর, বিয়ের কথা সোলাঙ্কি স্বীকার করলেও এখনই এনিয়ে বেশি মুখ খুলতে চাইছেন না অভিনেত্রী। মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোলাঙ্কি জানিয়েছেন, "সাক্য শোবিজ দুনিয়ার মানুষ নন। এই ধরণের জল্পনা হ্যান্ডেল করা ওর পক্ষে বেশ বিড়ম্বনার। আমি চাই না ও এই বিড়ম্বনার মধ্য়ে পড়ুক।"
পাশাপাশি সোলাঙ্কি এও জানিয়েছেন, আগেও পড়াশোনা করতে চান তিনি। উচ্চশিক্ষার জন্য নিউ জিল্যান্ডে পাড়ি দেবেন তিনি। তবে কি টেলিভিশনকে চিরতরে বিদায় জানাবেন মেঘলা? সোলাঙ্কির কথায় অবশ্য "এখনও ঠিক জানি না। আমার বাবা-মা, সাক্যর বাবা মা, আমি , সাক্য একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তারপর বুঝতে পারব যে আমি নিউ জিল্যান্ডেই থিতু হব নাকি আবার দেশে ফিরে আসব। সেপ্টেম্বরেই আমি নিউজিল্যান্ড যাচ্ছি পড়াশোনার জন্য।"












Click it and Unblock the Notifications