'এটা নিছক সিনেমা, বাস্তব নয়', মার্শাল বিতর্কে আদালতে মুখ পুড়ল বিজেপি-র
মার্শাল ছবি নিয়ে বিজেপি ধাক্কা খেল আদালতে। মাদ্রাজ হাইকোর্টে দায়ের করা তাদের জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি। যদিও, ২৭ অক্টোবর মার্শাল ছবি-র তেলেগু ভার্সান-এর মুক্তি পিছিয়ে গিয়েছে।
হাজারো আপত্তি সত্ত্বেও নিষেধাজ্ঞা জারি হচ্ছে না তামিল ছবি 'মার্শাল'-এর ওপর। একথা শুক্রবার সাফ জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। এদিন, 'মার্শাল'-কে ব্যান করা নিয়ে তামিলনাড়ু বিজেপি-র দায়ের করা মামলার শুনানি হয়। সেখানেই বিচারপতি আবেদনকারীকে বলেন, 'মার্শাল একটি নিছক সিনেমা, এটা কোনও বাস্তব নয়। যদি আপনার পছন্দ না হয় তাহলে সিনেমাটা দেখবেন না।'

১৮ অক্টোবর মুক্তি পায় বিজয় অভিনীত 'মার্শাল'। মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে 'মার্শাল'। কিন্তু, এই ছবিতে 'জিএসটি' শব্দ ব্যবহার এবং তা নিয়ে যে সব ডায়লগ দেখানো হয়েছে তাতে বিতর্ক তৈরি হয়। বিজেপি এর বিরুদ্ধে আন্দোলনে নামে। ছবিটির প্রদর্শন বন্ধ করার জন্য মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়।
বিজেপি-র অভিযোগ, যে ভাবে ' মার্শাল'-এ জিএসটি ও হাসপাতাল সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে তাতে জনমানসে ভুল ধারনা তৈরি হচ্ছে। এটা দেশের স্বার্থের পরিপন্থী। যদিও, বিজেপি-র এই বিরোধিতার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন খোদ ছবিটির নায়ক বিজয়। পরে তাঁর পাশে আরও বেশকিছু অভিনেতা, অভিনেত্রী এসে দাঁড়ান। এবং এরা সকলেই বিজেপি-র আন্দোলনের সমালোচনা করেন।
রাজনৈতিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ছবির প্রযোজক মুরলী রামাস্বামী আপত্তিকর অংশগুলি ছবি থেকে বাদ দিতে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু, আপত্তিকর অংশগুলো বাদ দেওয়ার আগেই মাদ্রাজ হাইকোর্টের রায় স্বাভাবিকভাবেই স্বস্তি এনে দিয়েছে 'মার্শাল'-এর টিমে।
মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে 'মার্শাল' ১৭০ কোটি টাকারও বেশি অর্থ আয় করেছে। তবে, ২৭ অক্টোবর 'মার্শাল'-এর তেলেগু ভার্সানের মুক্তি ছিল। মূলত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে এই মুক্তি ছিল। কিন্তু, তা পিছিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications