Kishore Kumar: কিশোর কুমারকে কত নম্বর দেবেন? উত্তরে যা বলেছিলেন মান্না দে
হিন্দি হোক কিংবা বাংলা, ভারতের সঙ্গীত জগতে ক্লাসিকাল আঙ্গিকের সম্রাটের নাম নিঃসন্দেহে মান্না দে। সে বাংলায় বাজে গো বীণা হোক কিংবা হিন্দিতে লাগা চুনরি মে দাগ, তাঁর গানের মূর্ছনায় এখনও মন হারান তমাম শ্রোতা। আর সেক্ষেত্রে তিনি যে ভারতীয় সংগীতের অন্যতম মহীরুহ, তা এক বাক্যে স্বীকার করেন প্রত্যেকেই।
তবে প্রকৃত শিল্পী তিনি যিনি শিল্পের পাশপাশি অন্য শিল্পীদের কদর করতে পারেন। আর তেমনই একজন মানুষ ছিলেন মান্না দে। ভারতীয় সঙ্গীত জগতে আরও এক কিংবদন্তি কিশোর কুমার। একাধিক গান কিশোর, মান্না যুগলবন্দিতে হয়েছে আর যা অনন্য ছাপ রেখেছে গানের জগতে। সেখানে নিজের সহশিল্পী প্রসঙ্গে স্মৃতিচারণায় নানা অজানা দিক তুলে ধরেছেন মান্না দে।

এক চতুর নার-এ জব্বর লড়াই
প্রতিবেশী সুন্দরীকে মনে মনে ভালোবেসেছেন ভোলা। কিন্তু সুন্দরী গান পছন্দ করেন। আর সেখানেই কাবাব মে হাড্ডি এসে হাজির গানের মাস্টার জি! ব্যাস, শুরু হল ভোলা আর মাস্টারজির গানের লড়াই। সেখানে বেশ রেওয়াজ করা গলায় গান ধরলেন মাস্টার জি। কিছুক্ষণ পর হঠাৎ জবাব এল 'এ টেরে!' এতক্ষণে বোঝাই যাচ্ছে কোন গানের কথা হচ্ছে। 'পরোসেন' সিনেমার সেই কালজয়ী গান এক চতুর নার বড়ি হোশিয়ার! আর সেখানে অনস্ক্রিন লড়াই মেহমুদ এবং সুনীল দত্তের মধ্যে হলেও আসলে লড়াই ছিল মান্না দে এবং কিশোর কুমারের মধ্যে। এক সাক্ষাৎকারে মান্না দে জানিয়েছিলেন সেই অসাধারণ অভিজ্ঞতার কথা।
কিশোর আর মান্না দার রাগ!
তবে এক চতুর নার গান করতেই এক সময় বেঁকে বসেন মান্না দে। কারণ টা ছিল হারজিতের। রাহুল দেব বর্মনের সুরে রেকর্ড হয় মান্না দে এবং কিশোরের সেই আইকনিক ডুয়েট গান। সিনেমায় দেখা যায় কিশোর কুমারের কাছে হেরে যাচ্ছেন মান্না দে। আর বিষয়টি নিয়ে এই দুই কিংবদন্তির সঙ্গে আলাদা মিটিংও করেছিলেন পঞ্চম। কিন্তু গানের লড়াইয়ে হেরে যাওয়ার কথা শুনে প্রথমে বেঁকে বসেছিলেন মান্না। বেজায় আপত্তি জানিয়েছিলেন। শেষপর্যন্ত স্ত্রী সুলোচনার অনুরোধে শান্ত হয়েছিলেন। রাজি হয়েছিলেন গানটি গাইতে। বাকিটা ইতিহাস।

রফি-কিশোর-মান্না
রফি-কিশোর-মান্না, আসমুদ্র-হিমাচলের সঙ্গীতপিপাসু মানুষ এখনও পর্যন্ত বুঁদ হয়ে থাকেন এই তিন কিংবদন্তি মহা তারকার গানের সুরে। সেক্ষেত্রে এই তিন তারকার মধ্যে নাকি ছিল ঠান্ডা লড়াইও। রফি ও কিশোরের এই দ্বন্দ্ব খানিক প্রকাশ্যে এলেও মান্না দে ও কিশোর কুমারের সেই লড়াই ছিল অনেকটাই সযত্নে আড়াল করা। খানিক শ্রদ্ধা ও স্নেহের। বার বার সে কথা বলেছেন স্বয়ং মান্না দে।
কিশোর প্রসঙ্গে মান্না দা
'আমি গান করছি সুর তাল মিলিয়ে, কিন্তু কিশোর গান করে গানের মুড বুঝে। আর সেখানেই বুঝে নিন সে কত বড় একজন শিল্পী!' সাক্ষাৎকারে এ কথা বলেছেন মান্না দে। মহম্মদরাফির রাফির বড় ফ্যান ছিলেন মান্না দে, তাই ১০-এ ১০ নিজের বদলে তিনি দিয়েছেন রফিকে। কিন্তু কিশোর প্রসঙ্গে মান্না দেড় অকপট কথা, তিনি ছিলেন সব নম্বরের ঊর্ধ্বে। এক কিংবদন্তির মুখে অন্য এক মহা তারকার এই প্রশংসা নিঃসন্দেহে শিল্পী সত্ত্বার এক অনন্য উদাহরণ হয়েই থেকেছে সারা জীবন।












Click it and Unblock the Notifications