অনলাইনে একমাস পর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী বোম্ব
অনলাইনে একমাস পর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী বোম্ব
লকডাউনের কারণে ভারতে সকল প্রেক্ষাগৃহ বন্ধ। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অবস্থায় প্রেক্ষাগৃহের বিকল্প হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে ঝুঁকছেন নির্মাতারা। বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও কিয়ারা আদবানি অভিনীত 'লক্ষ্মী বোম্ব’ মুক্তি পেতে চলেছে অনলাইনে। বিদ্যা বালানের 'শকুন্তলা দেবী’ ও অমিতাভ বচ্চন–আয়ুষ্মান খুরানার 'গুলাবো সিতাবো’র পর এবার লক্ষ্মী বোম্বও একই পথে হাঁটতে শুরু করেছে।

হটস্টারে মুক্তি পাবে
বেশ কয়েক সপ্তাহ ধরে একটি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটি বিক্রি হওয়ার গুজব ছিল, তবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী এই ছবিটি হটস্টারে মুক্তি পাবে একমাস পরে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পর। যদিও এ নিয়ে ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। যদিও সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াচ্ছে যা ভক্তদের হতাশ করেছে।

একমাস পর মুক্তি লক্ষ্মী বোম্ব–এর
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, ‘এটা সত্যি যে হটস্টারেই এই ছবির প্রিমিয়ার হবে। এটা নিয়ে যদিও মতবিরোধ ছিল কিন্তু এখন সকলেই সেটাই করছে। অনলাইনেই মুক্তি পাবে লক্ষ্মী বোম্ব। পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন হতে একমাস সময় লাগবে তারপরই এই ছবিটি মুক্তি পাবে।'

১২৫ কোটি টাকায় সিনেমার স্বত্ব বিক্রি হয়েছে
শোনা যাচ্ছে, ১২৫ কোটি টাকায় সিনেমার স্বত্ব বিক্রি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাটির স্বত্ব বিক্রি প্রসঙ্গে এক সূত্র থেকে জানা যায়, ‘সাধারণত বড় বাজেটের সিনেমাগুলোর স্বত্ব সর্বোচ্চ ৬০-৭০ কোটি টাকায় বিক্রি হয়। যেহেতু সিনেমাটি প্রেক্ষাগৃহে হলে মুক্তি পাচ্ছে না তাই তারা মোটা অঙ্কে এটি কিনেছে। লক্ষ্মী বোম্ব ১২৫ কোটি রুপিতে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মের হিসেবে এটি অনেক বেশি কিন্তু এটি ভুলে গেলে চলবে না সিনেমা হলে এর আয় ২০০ কোটি টাকার উপরে হতে পারত। সিনেমার টিম মোট যে লাভ করত এটি তুলনামূলক অনেক কম।'

তামিল সিনেমার রিমেক
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘কাঞ্চনা' সিনেমার হিন্দি রিমেক ‘লক্ষ্মী বোম্ব'। এটি পরিচালনা করছেন রাঘব লরেন্স। প্রযোজনায় রয়েছে অ্যা কেপ অব গুড ফিল্মস প্রোডাকশন, সাবিনা এন্টারটেইনমেন্ট, তুষার এন্টারটেইনমেন্ট হাউস। সিনেমাটির পরিবেশনায় রয়েছে ফক্স স্টার স্টুডিওস।












Click it and Unblock the Notifications