বোরখার মধ্যেই খাতিজার স্বাধীনতা, তসলিমার টুইটের জবাব দিলেন এআর রহমান
এআর রহমানের মেয়ের বোরখা পরা দেখে শ্বাসরুদ্ধ অনুভূতি হয়েছিল ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের। তিনি এ বিষয়ে টুইটও করেছিলেন। এই বিতর্কের একদিন পরই অস্কার–জয়ী সুরকার তসলিমার টুইটের পাল্টা জবাব দিলেন।

এক সাক্ষাতকারে এ আর রহমান বোরখা বিতর্ক নিয়ে মুখ খোলেন। তিনি জানান যে সাধারণত তিনি এ ধরনের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেন না। রহমান জানিয়েছেন যে তাঁর মেয়ে খাতিজা স্ব–ইচ্ছায় বোরখা পরেছেন, কেউ জোর করেনি তাঁকে। তিনি এ বিষয়ে আরও বিস্তারিতভাবে বলেন, 'আমি মনে করি এটাই ভালো হয় যদি আমরা আমাদের সমস্যা ও অসুবিধার কথা তাদের (শিশু) সামনে তুলে ধরি। আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম–সংস্কৃতি–ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। এরপর তাঁরা স্বাধীন এবং সে সেটাই করেছে। এরপর আমি তাঁকে প্রশ্ন করি যে পরবর্তী প্রশ্ন কি? তুমি কি উত্তর দেবে? সে জানায় যে আমি যা করার করেছি বাবা, আমার যেটা করার ছিল করেছি। ফলে, জোর করে নয়, স্ব–ইচ্ছায় খাতিজা বেছে নিয়েছে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি।’
রহমানকে প্রশ্ন করা হয় যে খাতিজা জবাব দেওয়ার আগে কি পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন, এ প্রসঙ্গে রহমান বলেন, 'না, আমার মনে হয় খাতিজা তাঁর জবাব সরিয়ে দিয়েছে সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ও আমি ইনস্টাগ্রামে এটি রেখেছি। আমার মনে হয়েছে এটা দরকার কারণ খাতিজা বোরখার আড়ালে রয়েছে এবং এটা তাঁর পছন্দ।’ রহমান আরও জানান যে বোরখা পরার মধ্যেই খাতিজা তাঁর স্বাধীনতাকে খুঁজে পান। তিনি বলেন, 'ধর্মীয় বিষয়ের থেকেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা মানসিক পরিতৃপ্তি। কারণ সে একটা গান (অহিংসা) গেয়েছে এবং সেটাই এখন ১০ মিলিয়ন মানুষের রিংটোন। একজন অন্তর্মুখী শিশুকে নিয়ে যদি আচমকা তার ভালো–মন্দ নিয়ে বিচার হয়, তবে সে তো চুপ করে যাবেই।’ রহমান জানিয়েছেন যে তিনি যদি সুযোগ পেতেন তবে তিনিও বোরখা পরতেন। তিনি বলেন, 'আমার মনে হয় খাতিজা তাঁর স্বাধীনতাকে খুঁজে পেয়েছে। কারণ সে এমন একজন মানুষ যে তাঁর পরিচারকের মা বা আত্মীয়ের শেষকৃত্যে যায়। আমি ওর সরলতা ও সামাজিক কাজ দেখে অবাক হয়ে যাই।’
গত ১১ ফেব্রুয়ারি তসলিমা নাসরিন টুইটারে খাতিজার বোরখা পরিহিত একটি ছবি প্রকাশ করে লেখেন, 'আমি এ আর রাহমানের গান অনেক পছন্দ করি। কিন্তু যখনই আমি তার প্রিয় মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারেও যে খুব সহজে মগজধোলাই করা যায়, তা জানা সত্যিকার অর্থেই হতাশার।’ এর তিনদিন পর ১৫ ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রামে তসলিমার সমালোচনার জবাব দেন খাতিজা রহমান। তিনি বলেন, 'প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকে আপনার নিশ্বাস বন্ধ হয়ে আসে বলে দুঃখ প্রকাশ করছি। কিছু মুক্ত বাতাস গ্রহণ করুন। কারণ, এতে আমার নিশ্বাস বন্ধ হয় না। বরং আমি যে অবস্থান নিয়েছি এতে গর্বিত ও ক্ষমতায়িত অনুভব করি। আপনাকে পরামর্শ দিচ্ছি, গুগলে খোঁজ নিয়ে দেখুন, সত্যিকার নারীবাদ কী। কারণ, নারীবাদ কখনও অন্য নারীকে কটাক্ষ বা বিষয়টিতে তার বাবাকে জড়িয়ে আনা নয়।’












Click it and Unblock the Notifications