দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আসতেই নাম–বিভ্রাটে জড়ালেন করিনা–সইফ, ট্রোলড নেট দুনিয়ায়
দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আসতেই নাম–বিভ্রাটে জড়ালেন করিনা–সইফ
করিনা কাপুর খানের দ্বিতীয় সন্তানের নাম কী? তা নিয়ে নেট দুনিয়ায় জোর জল্পনা–কল্পনা চলছে। যদিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ফ্ল্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে করিনার দ্বিতীয় সন্তানের নাম নাকি জেহ। এই নামটি নিশ্চিতভাবে জানিয়েছিলেন করিনার বাবা রনধীর কাপুর। তবে সইফ বা করিনা কেউই তাঁদের দ্বিতীয় সন্তানের নাম নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি। এবার আসল নাম সামনে আসতেই ফের তোলপাড় হল সোশ্যাল মিডিয়া।

দ্বিতীয় সন্তানের নাম জাহাঙ্গীর
প্রসঙ্গত, এখনও করিনা-সইফ তাঁদের দ্বিতীয় সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি। তবে করিনা তাঁর সদ্য প্রকাশিত বই 'প্রেগন্যান্সি বাইবেল: দ্য আল্টিমেট ম্যানুয়াল ফর মমস-টু-বি'-তে নিজের দ্বিতীয় সন্তানের নাম জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী তাঁর ছোট্ট ছেলেকে 'জেহ' বলে ডাকেন ঠিকই, কিন্তু তাঁর আসল নাম 'জাহাঙ্গীর'। সেরকমই উল্লেখ রয়েছে তাঁর বইয়ের একটি ছবিতে। প্রসঙ্গত, গত বছর করিনা ও সইফের প্রথম সন্তান তৈমুর আলি খানের চতুর্থ জন্মদিনে করিনা তাঁর অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আনেন। এই বইতে করিনা তাঁর মাতৃত্বের সফরের পাশাপাশি কাজ ও পরিবারকে নিয়েও কথা বলেছেন।

তৈমুর নাম নিয়েও ট্রোলড হন করিনা–সইফ
করিনা-সইফের পক্ষ থেকে এখনও দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে জাহাঙ্গীর নাম প্রকাশ্যে আসা মাত্রই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে করিনা-সইফের জোরদার সমালোচনা করা হয়। এর আগেও প্রথম সন্তানের নাম তৈমুর আলি রাখা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। প্রসঙ্গত, ত্রয়োদশ শতাব্দীর এই তুর্কি সম্রাট তৈমুর আলি ১৩৯৮ সালে দিল্লি আক্রমণ করে তছনছ করে দিয়েছিল। সেই সময় প্রশ্ন উঠেছিল, কেন এমন কুখ্যাত এক চরিত্রের নামে ছেলের নাম রাখলেন তারকা দম্পতি। এই বিতর্কের পর আরও একবার দ্বিতীয় সন্তানের নাম নিয়েও বিতর্ক শুরু হল ব্যাপকভাবে।

ইতিহাসের পাতায় বদনাম জাহাঙ্গীর
মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন জাহাঙ্গীর। তিনি ১৬০৫ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন। তাঁর রাজকীয় নামটির অর্থ 'বিশ্ব বিজয়ী'। তিনি সুশাসক হলেও ব্যক্তি জাহাঙ্গীরের বিষয়ে ইতিহাসে বদনাম পাওয়া যায় প্রচুর। শোনা যায়, ১৬০৫ সালে প্রথম তিনি সম্রাটের আসনে বসার পরই নিজের বড় ছেলে খসরুর বিদ্রোহের মোকাবিলা করতে হয় ও তিনি তাতে সফল হন। তিনি খসরু সমর্থিত ২০০০ লোককে মৃত্যুদণ্ড দেন ও খসরুকে অন্ধ করে দেন। জাহাঙ্গীরের অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও মদ্যপান ও নারী এই দুই আসক্তির জন্য তিনি সমালোচিত হন। অন্যদিকে, বড় ছেলে খসরুকে আর্থিক সাহায্য করায় পঞ্চম শিখ গুরু অর্জন দেব কে পাঁচ দিন ধরে অত্যাচার করা হয়। পরে তিনি নদীতে স্নান করার সময় হঠাৎই উধাও হয়ে যান। শোনা যায় যে জাহাঙ্গীরই নাকি তাঁকে হত্যা করেছেন। এমনকী জাহাঙ্গীর তার ছোট ছেলে খুররামকে উত্তরাধিকার নিশ্চিত করতে ১৬২২ সালে তার বড় ভাই খসরু কে হত্যা করেন। এরকম চরিত্রের নামে করিনা-সইফের দ্বিতীয় সন্তানের নামকরণ করায় যারপরনাই ক্ষুব্ধ নেট নাগরিকরা।

জাহাঙ্গীর নাম নিয়ে সরব নেটিজেনরা
সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই নাম নিয়ে আপত্তি তুলেছেন। অনেকেই জানিয়েছেন তাঁরা অধীর আগ্রহে ঔরঙ্গজেবের জন্য অপেক্ষা করছেন। তৈমুরের সময়ও ব্যাপকভাবে ট্রোলড হয়েছিলেন এই তারকা দম্পতি। ২০১২ সালে বিয়ে করেন করিনা কাপুর ও সইফ আলি খান। ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান তৈমুর এবং এ বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান জেহ আসে তাঁদের জীবনে। কাজের দিক দিয়ে 'লাল সিং চাড্ডা'-তে আমির খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুরকে। এছাড়াও করিনার হাতে রয়েছে করণ জোহরের 'তখত' ছবিটিও।












Click it and Unblock the Notifications