আইনি লড়াইয়ে অবশেষে ইতি টানলেন কঙ্গনা রানাওয়াত এবং জাভেদ আখতার, মামলাও প্রত্যাহার হয়ে গেল এদিন
দীর্ঘ পাঁচ বছর ধরে চলা আইনি লড়াই শেষ করে পারস্পরিক সমঝোতায় পৌঁছালেন বিখ্যাত গীতিকার তথা কবি জাভেদ আখতার এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই সমঝোতার ফলে কঙ্গনার বিরুদ্ধে আখতারের দায়ের করা মানহানির মামলাও প্রত্যাহার করা হয়েছে।
সমঝোতার অংশ হিসেবে, কঙ্গনা রানাওয়াত জাভেদ আখতারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন এবং তার পূর্ববর্তী মন্তব্যগুলোর জন্য ক্ষমা চেয়েছেন।

কঙ্গনা ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করে লিখেছেন, "আজ জাভেদজি এবং আমি মধ্যস্থতার মাধ্যমে আমাদের আইনি বিষয় (মানহানির মামলা) সমাধান করেছি। তিনি আমার পরবর্তী পরিচালনার জন্য গান লিখতেও রাজি হয়েছেন"।
নিষ্পত্তির মূল শর্তগুলি হল :
- কঙ্গনা রানাওয়াত জাভেদ আখতারকে সম্মান করেন
- তার বক্তব্যের কারণে আখতারের অসুবিধার জন্য তিনি ক্ষমা চেয়েছেন
- ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন
- আর আখতার সম্পর্কে পূর্ববর্তী সমস্ত বক্তব্য প্রত্যাহার করেছেন
আইনি লড়াইয়ের পটভূমি
২০২০ সালে, কঙ্গনা রানাওয়াত এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, ২০১৬ সালে হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্কের বিতর্কের সময় জাভেদ আখতার তাকে চাপ দিয়েছিলেন এবং হুমকি দিয়েছিলেন এই বিষয় প্রকাশ্যে না আনার জন্যে। কঙ্গনার এই মন্তব্যের পরই আখতার তার বিরুদ্ধে মানহানির মামলা করেন, যা আদালতে প্রায় ৪০ টিরও বেশি শুনানি ধরে চলে।
আইনি লড়াইয়ের সময় কঙ্গনা অনেক শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হন, যার ফলে আদালত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেয়। অবশেষে, বান্দ্রা আদালতে চূড়ান্ত শুনানির দিন দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছায়। আর অবশেষে আজ সেই মামলা প্রত্যাহার হয়ে গেল।
ভবিষ্যতে কঙ্গনা-আখতার সহযোগিতা?
সমঝোতার পর দুজনের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনাও তৈরি হয়েছে।
এই সমঝোতার ফলে একটি দীর্ঘ ও বহুল আলোচিত আইনি দ্বন্দ্বের অবসান ঘটল, যা বলিউড ও আইনি মহলে ব্যাপক চর্চার বিষয় ছিল। এখন দেখার বিষয়, ভবিষ্যতে কঙ্গনা ও আখতার সত্যিই কোনো সিনেমা বা প্রকল্পে একসঙ্গে কাজ করেন কিনা!












Click it and Unblock the Notifications