জলি এলএলবি ২ ট্রেলর : অক্ষয় প্রধান সেনাপতি, অনু কাপুর-সৌরভ শুক্ল দুই বিশ্বস্ত সৈনিক!
জলি এলএলবি ২ ছবির ট্রেলর মুক্তি পেল আজ, সোমবার। মাত্র আড়াই মিনিটেই বাজিমাৎ অক্ষয় কুমার। তবে শুধু অক্ষয় নয়, নজর কেড়েছেন অনু কাপুর ও সৌরভ শুক্লও।
জলি এলএলবি ছবিতে আরশাদ ওয়ারশির কমিক টাইমিং যদি আপনাকে মুগ্ধ করে তাহলে জলি এলএলবি ২-তে অক্ষয় কুমারের রসবোধ আপনাকে অবাক করবে। এক আইনজীবীর চরিত্রের সিরিয়াস ভাব বজায় রেখে যেভাবে কমিক টাইমিং আর শব্দের অলঙ্করণ নিয়ে খেলা করেছেন অক্ষয় তা এককথায় অনবদ্য। তবে শুধু হিউমার নয়, মেলোড্রামা, ট্র্যাজেডি সব আবেগই একেবারে পরতে পরতে রয়েছে এই সিনেমায়। ২ মিনিট ৩৭ সেকেণ্ডের ট্রেলর অবশ্য তাই বলছে।
মাত্র আড়াই মিনিটেই এই ছবি হলে গিয়ে দেখার কৌতুহল হাজার গুন বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার। তবে শুধু অক্ষয়কে পুরো কৃতিত্ব দেওয়া হয়তো ভুল হবে। এই ছোট ট্রেলরে সুপারস্টার অক্ষয়ের অ্যাপিয়ারেন্সে কিন্তু সমানতালে ভাগ বসিয়েছেন দুই প্রবীন চরিত্রাভিনেতা, সৌরভ শুক্ল এবং অনু মালিক।

দুজনেই বড় মাপের অভিনেতা, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। দুজনেরই রসবোধ তুমুল। তার আরও কিছু ঝলক এই ট্রেলরে স্পষ্ট। ট্রেলরটি অন্তত বলছে, এই ছবি কিন্তু একা অক্ষয়ের নয় বরং ত্রয়ীর, অক্ষয় কুমার, সৌরভ শুক্ল এবং অনু কাপুর তিনজনেরই।
মধ্যবিত্ত লুকের গোঁফ, মাথায় তিলক এবং তেল চিপচিপে চুলে সুপারস্টার ইমেজ ছেড়ে অক্ষয় একেবারে ছাপোষা উকিল। যে যেন তেন প্রকারে মামলা জিততে চায়। অন্যদিকে প্রবীন আইনজীবীর ভূমিকায় অনু কাপুর অনবদ্য। সৌরভ শুক্ল তো জলি এলএলবি ছবিতেও বিচারকের ভূমিকায় অভিনয় করেছিলেন, এই ছবিতেও একই ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
এই ছবিকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন হুমা কুরেশি। এই ছবির পরিচালনা করেছেন সুভাষ কাপুর। আগামী ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications