ইমন চক্রবর্তীর কণ্ঠে প্রথমবার শোনা গেল ‘জগন্নাথ শ্লোক’, মুক্তি পেল ‘জয় শঙ্খ গদাধর’
শুরু হল রথযাত্রা উৎসব। ওড়িশার পুরীতে আজ থেকে শুরু হল ভগবান জগন্নাথের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে এই রথযাত্রার আয়োজন করা হয়। ভগবান জগন্নাথ আষাঢ় শুক্লা দ্বিতীয়া থেকে দশমী তিথি পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বাস করেন।
এই সময় ভগবান জগন্নাথ তাঁর বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে রথে চড়ে গুণ্ডিচা মন্দিরের দিকে যান।আর এই রথযাত্রা উপলক্ষ্যে রবিবার সকাল থেকেই চলছে পুজোপাঠ। জগন্নাথ শ্লোক পাঠ করছেন পুরোহিতরা। এবার এই জগন্নাথ শ্লোকই প্রথমবার শোনা গেল সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে।

রথযাত্রা উপলক্ষ্যে শ্রোতাবৃন্দের জন্য নতুন গান উপহার দিলেন শিল্পী ইমন চক্রবর্তী। প্রকাশ্যে এল তাঁর গাওয়া গান 'জয় শঙ্খ গদাধর'। নীলাঞ্জন ঘোষের সঙ্গীত পরিচালনায় প্রকাশ্যে এসেছে এই গান। সম্প্রতি রথযাত্রা উপলক্ষ্যে আশা অডিও-র ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ইমন চক্রবর্তীর নতুন গান 'জয় শঙ্খ গদাধর'। ইতিমধ্যেই শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছে এই মিউজিক ভিডিওটি।
সদ্য মুক্তি পাওয়া এই গানটি মহাপ্রভু জগন্নাথকে পুজো করার সময় শোনার আর্জি জানিয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। পাশাপাশি দর্শক ও শ্রোতাবৃন্দকে রথযাত্রার শুভেচ্ছাও জানান সঙ্গীত শিল্পী ইমন। সবমিলিয়ে গানে গানে জমজমাট এবারের রথযাত্রা।












Click it and Unblock the Notifications