জিজ্ঞাসাবাদের জন্য ফের জ্যাকলিন ফার্নান্ডেজকে শমন পাঠাল ইডি
জ্যাকলিনকে ইডির শমন
ফাঁড়া যেন কিছুতেই কাটছে না অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ফের তাঁকে শমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ ডিসেম্বর দিল্লির ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে বলিউড অভিনেত্রীকে।

তৃতীয়বার ইডির শমন
এর আগেও দুবার জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ইডির পক্ষ থেকে। ২০০ কোটি টাকার তোলাবাজির ঘটনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং তার স্ত্রী অভিনেত্রী লিনা মারিয়া পালের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে জ্যাকলিনকে এর আগে সাত ঘন্টা জেরা করেছে ইডি। সেই সময় অবশ্য জ্যাকলিনের মুখপাত্র বলেছিলেন, ইডির তরফে প্রত্যক্ষদর্শী হিসেবে ডাকা হয়েছিল অভিনেত্রীকে। নিজের বয়ান তিনি রকর্ড করেছিলেন পাশাপাশি ইডির সঙ্গে সহযোগিতাও করেন বলে দাবি করেছিলেন জ্যাকলিনের মুখপাত্র। অবশ্য এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি জ্যাকলিন নিজে। আর এই নিয়ে তিন বার জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চলেছে ইডি।

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
রবিবার রাতেই জ্যাকলিনকে মুম্বই বিমানবন্দরে দেশের বাইরে যেতে বাঁধা দেন অভিবাসন দফতরের কর্তৃপক্ষরা। ইডির জারি করা লুকআউট নোটিশের জেরেই এয়ারপোর্ট অথরিটি জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। দিউ থেকে 'রাম সেতু' ছবির শ্যুটিং সেরে রিয়াধ জাচ্ছিলেন তিনি। সালমান খান আয়োজিত ডি-ব্যাং ট্যুরে অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। জ্যাকলিনের বদলে সেই জায়গায় ডেইসি শাহ যাচ্ছেন এই ট্যুরে বলে খবর।

চার্জশিটে কেন নাম জ্যাকলিনের?
মূলত এই আর্থিক প্রতারণা মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে লাগাতার যোগাযোগের জন্য নাম জড়িয়েছে জ্যাকলিনের। বলি অভিনেত্রীকে দামি বেড়াল, ঘোড়া সহ প্রায় ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ। এমনকি জেলে থাকা কালীন জ্যাকলিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন চন্দ্রশেখর। এমনই দাবি ইডির।












Click it and Unblock the Notifications