বিট কয়েনের মাধ্যমে কেনা হয়েছিল রেভ পার্টির মাদক, সন্দেহ করছে তদন্তকারী এনসিবি আধিকারিকেরা
বিট কয়েনের মাধ্যমে কেনা হয়েছিল রেভ পার্টির মাদক
শনিবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কর্ডিলিয়া ক্রুজে চলা রেভ পার্টির মাদক কাণ্ড ফাঁস করে। এই ঘটনায় ইতিমধ্যেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ আটজনকে গ্রেফতার করেছে এনসিবি। এনসিবি তাদের তদন্ত চলাকালীন সন্দেহ করছে যে ক্রুজ থেকে উদ্ধার হওয়া মাদক আসলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনা হয়েছিল।

শ্রেয়াস নায়ারও গ্রেফতার
সোমবারই এনসিবি হাই-প্রোফাইল মাদক পাচারকারী শ্রেয়াস নায়ারকে গ্রেফতার করে। এনসিবি জানতে পেরেছে যে শ্রেয়াস মাদক অর্ডার করত 'ডার্ক ওয়েব'-এর মাধ্যমে এবং বিট কয়েন দিয়ে মাদক কেনার অর্থ প্রদান করত। প্রসঙ্গত, শনিবার রাতেই মুম্বই উপকূল থেকে ক্রুজে হওয়া রেভ পার্টি মাঝ-সমুদ্রে যাওয়ার আগেই এনসিবি সেখানে তল্লাশি অবিযান চালায় এবং পার্টিতে আসা অতিথিদের কাছ থেকে কোকেন, হাশিস ও এমডিএমএ মাদক উদ্ধার করে।

মাদক কাণ্ডে ধৃতদের এনসিবি হেফাজত
সোমবার মুম্বই আদালত আরিয়ান খান সহ অন্যান্যদের ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, এনসিবি জানার চেষ্টা করছে আরিয়ান খানের থেকে কে তাঁকে এই রেভ পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল এবং তাঁর বন্ধুর কাছ থেকে পাওয়া মাদকের জন্য কে টাকা প্রদান করেছিল। এই ঘটনায় এনসিবি ৩৯ বছরের মডেল মুনমুন ধামেচাকেও গ্রেফতার করেছে। তাঁরও ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আয়োজকদের ওপর নজরদারি
কর্ডেলিয়া ক্রুজ এমপ্রেস শিপে যারা এই পার্টির আয়োজন করেছিল এনসিবি তাদের ওপরও নজর রাখছে। এই জাহাজেই শনিবার তল্লাশি চালায় এনসিবি। কারণ তল্লাশি অভিযান চলার পরও আয়োজকরা জাহাজটিকে নিয়ে মাঝ-সমুদ্রে নিয়ে যায়। ক্রেআর্ক নামের এই ইভেন্টটির আয়োজন করেছিল ফ্যাশন টিভি ইন্ডিয়ার সঙ্গে দিল্লির নমাসক্রে এক্সপেরিয়েন্স এবং এই পার্টিটে ডিজে শো ও পুল পার্টির বন্দোবস্ত ছিল। তিনদিন ধরে সমুদ্রেই এই রেভ পার্টি হওয়ার কথা ছিল। বিভিন্ন জায়গার খ্যাতনামা ডিজেরা এখানে পারফর্ম করবেন বলে জানা গিয়েছিল। তবে এনসিবির কাছে প্রথম থেকেই খবর ছিল যে এই রেভ পার্টিতে নিষিদ্ধ মাদকের ব্যবহার হবে এবং সেই অনুযায়ী এনসিবি আধিকারিকেরা সেখানে তল্লাশি অভিযান চালান।

মাদক সেবন করে ঝামেলা করে কিছু অতিথি
এনসিবির কাছে এও তথ্য ছিল যে মাদক খাওয়ার পর ক্রুজে কিছু যাত্রী হট্টগোলের সৃষ্টি করছে। তারা জাহাজের জানলার কাঁচ ভেঙে দিয়েছে এবং জাহাজের সম্পত্তিও নষ্ট করেছে। এদেরকে এনসিবি আটক করেছে। সোমবার জাহাজটি ফিরে আসার পর এনসিবির আধিকারিকেরা ফের জাহাজে তল্লাশি অভিযান চালায়।












Click it and Unblock the Notifications