মেসি খেললে তবেই শুধু ফুটবল খেলা দেখি : বিদ্যা বালন

নিজের আগামী ছবি ববি জাসুস-এর প্রচারে এসে সাংবাদিকদের বিদ্যা জানালেন, "আমি শুধু মেসিকে জানি। কারণ ওকে দেখতে দারুণ,সুপুরুষ। আমার বন্ধুরা আমাকে ফোন করে বলে দেয় যখন মেসির খেলা সম্প্রচার হয়। তখনই শুধু আমি টিভি চালিয়ে দেখি...নয়তো আমার ফুটবল নিয়ে আর কোনও আগ্রহ নেই।" কথা শেষ করেই একগাল লাজুক হাসি বিদ্যার ঠোঁটে।
বিদ্যার এই ববি জাসুস ছবি এমনিতেই এখন আলোচ্য বিষয়। এই ছবিতে গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, এই ছবিতে ১২টি ছদ্মবেশও ধারন করেছেন বিদ্যা। আলি ফাজাল এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করবেন। ছবিটির পরিচালনা করেছেন সমর শেখ এবং এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বলিউড সুন্দরী দিয়া মির্জা ও সাহিল সঙ্ঘ।
আমি আর বুম্বাদা একসঙ্গে কাজ করতে চাই, ভাল চিত্রনাট্যের অভাবে তা হচ্ছে না: বিদ্যা
কলকাতায় এসে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদার বাড়িতে গিয়ে দেখা করে আসেন বিদ্যা। বাঙালি দর্শকের মনে আশা জাগিয়ে বিদ্যা জানিয়ে দিলেন, দুই তারকাই একে অপরের সঙ্গে কাজ করার জন্য উদগ্রীব, কিন্তু উপযুক্ত চিত্রনাট্য পাওয়া যাচ্ছে না বলে আপাতত সে ইচ্ছা পূর্ণ হচ্ছে না।
সম্প্রতি মিশর রহস্যে গোয়েন্দা কাকাবাবুর চরিত্র অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর বিদ্যা করছেন ববি গোয়েন্দার ভূমিকায়। সেই প্রসঙ্গে টেনেই বিদ্যা বললেন, "শনিবার ওঁর বাড়িতে যাওয়ার পর বলেছি, ববি এসেছে কাকাবাবুর সঙ্গে দেখা করতে।"
কথায় কথায় বিদ্যা জানালেন, বুম্বাদার সঙ্গে তাঁর পরিচয় পরিণীতা ছবির সময় থেকে। ঋতুপর্ণ ঘোষ চেয়েছিলেন তাঁদের দু'জনকে নিয়ে একটি ছবি বানাতে। তিনি বললেন, "আমরা সবসময় আলোচনা করি, ঋতু দা আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের একসঙ্গে অন্তত একবার কাজ করা উচিত। কিন্তু জানি না কবে সে সুযোগ আসবে।"












Click it and Unblock the Notifications