বড়পর্দায় ফের ফেলুদা! প্রকাশ্যে এল ‘হত্যাপুরী’র পোস্টার, দর্শকদের উন্মাদনা তুঙ্গে
সত্যজিৎ রায় বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে মগজাস্ত্রের অধিকারী ফেলুদার ছবি। বড়পর্দায় একাধিকবার ফেলুদাকে নিয়ে বহু সিনেমাই হয়েছে। কিন্তু তাও এই চরিত্রটি যেন কোনওদিনই পুরনো হয় না। আট থেকে আশি সকলের প্রিয় ফেলুদা তথা প্রদোষ চন্দ্র মিত্র। কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় হইচইতে এনেছিলেন ফেলুদাকে। কিন্তু বড়পর্দায় বহুদিন পর ফিরছে এই কিংবদন্তী গোয়েন্দা চরিত্রটি। পরিচালনার দায়িত্বে সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়।

পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে বড়পর্দায় এবার সত্যজিৎ রায়ের গল্প 'হত্যাপুরী'কে ফুটিয়ে তোলা হবে। ফেলুদা চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। সম্প্রতি এই হত্যাপুরী সিনেমার পোস্টার প্রকাশ্যে এল, যা নিয়ে বহুদিন ধরেই দর্শকেরা অপেক্ষার প্রহর গুনছিল।
এখানে উল্লেখ, ফেলুদার বইগুলির মধ্যে 'হত্যাপুরীর প্রচ্ছদ আলাদা করে বেশি মাত্রায় জনপ্রিয় হয়েছিল। অনেকের মতে, এই বইয়ের প্রচ্ছদটি সত্যজিৎ রায়ের আঁকা ফেলুদা বইয়ের সেরা প্রচ্ছদগুলির মধ্যে একটি। শোনা যায়, সত্যজিৎ রায়ের নিজের খুব পছন্দের কাহিনী ছিল এই হত্যাপুরী। পাঠকদের কাছে ফেলুদার এই হত্যাপুরির আলাদা আকর্ষণ রয়েছে। এই সিনেমায় ইন্দ্রনীল ছাড়াও দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গুহ, সাহেব চট্টোপাধ্যায়, আয়ুষ দাস ও ভারত কল সহ অন্যান্যদের। 'হত্যাপুরি'র শুটিং হয়েছে কলকাতা ও পুরীতে। ফেলুদা চরিত্রে কে অভিনয় করবে সে নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা ছিল। তবে শেষপর্যন্ত পরিচালক ইন্দ্রনীলকে বেছে নেন ফেলুদা হিসাবে।
এরই মাঝে হত্যাপুরী-এর পোস্টার দর্শকদের বেশ ভালো লেগেছে। এই পোস্টারে সত্যজিৎ রায়ের স্টাইল কিছুটা হলেও দেখা গিয়েছে। বড়দিনের আগেই ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সন্দীপ রায়ের হত্যাপুরী।












Click it and Unblock the Notifications