বলিউডে আয়ের নিরিখে এগিয়ে কে, মহারথীদের পিছনে ফেললেন দীপিকা, দেখুন ফোর্বসের তালিকা
ফোর্বস এবছরের বলিউডের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে।
ফোর্বস এবছরের বলিউডের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় শাহরুখ খান, সলমন খান তো রয়েইছেন। তবে আশ্চর্যজনকভাবে রণবীর সিং ও রণবীর কাপুরের মতো দুই মহারথীকে পিছনে ফেলে উপরে উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া বরাবরের মতো অমিতাভ বচ্চন তো রয়েইছেন। সবমিলিয়ে কোন সেলেবস কত নম্বরে রয়েছেন তা জেনে নিন একনজরে।

শাহরুখ খান
শাহরুখ খানের একের পর এক সিনেমা ভালো ব্যবসা না করলেও শাহরুখ খান বলিউডে আয়ের ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছেন। ফোর্বসের তালিকা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ২৪৩ কোটি টাকা। শুধু সিনেমাই নয়, ব্র্যান্ড এনডোর্সমেন্টও প্রচুর রোজগার করেন শাহরুখ। বিশ্বের নিরিখে তিনি রয়েছেন অষ্টম স্থানে।

সলমন খান
বলিউডের দাবাং খান সলমন রয়েছেন ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে। তাঁর সর্বশেষ সিনেমা টিউবলাইট বক্সঅফিসে মুখ থুবড়ে পড়লেও বছর শেষে খারাপ আয় করেননি সলমন। তাঁর বার্ষিক আয় ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ২৩৬ কোটি টাকা। বিশ্বের নিরিখে তিনি রয়েছেন নবম স্থানে।

অক্ষয় কুমার
২০১৬-১৭ বছরটি অক্ষয়ের জন্য দারুণ যাচ্ছে। যে সিনেমাই করছেন তা সুপারহিট হচ্ছে। এবছর তাঁর আয় ৩৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ২২৪ কোটি টাকা। জলি এলএলবি, হাউসফুল ৩, রুস্তমের পর টয়লেট এক প্রেম কথা সিনেমাটিও সুপারহিট হয়েছে। অক্ষয় সারা বিশ্বের নিরিখে দশম স্থানে রয়েছেন।

আমির খান
গতবছরে আমির খানের সিনেমা দঙ্গল বলিউড ইতিহাসের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। তবে আয়ের নিরিখে তিনি সলমন বা শাহরুখকে ছাপাতে পারেননি। তাঁর বার্ষিক রোজগার ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৮০ কোটি টাকা।

হৃত্বিক রোশন
হৃত্বিক রোশনের এবারের বার্ষিক আয় ১১.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৭৩.৬ কোটি টাকা। এবছর কাবিল সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও তিনি অনেকের থেকেই এগিয়ে রয়েছেন।

দীপিকা পাড়ুকোন
দীপিকা আয়ে অনেক তাবড় সেলেবসদের পিছনে ফেলে দিয়েছেন। এবছর তাঁর আয় ১১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৭০ কোটি টাকা। বলিউডের পাশাপাশি হলিউডেও সিনেমা করা ও পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট দীপিকাকে এগিয়ে রেখেছে।

রণবীর সিং
দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের সেরকম কোনও সিনেমা বক্স অফিসে এবছর কামাল না দেখালেও বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট তাঁকে এগিয়ে রেখেছে। সবমিলিয়ে ১০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৬৪ কোটি টাকা এবছর রণবীরের রোজগার।

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের পাশাপাশি হলিউডে অভিনয়ও আয়ের দিক থেকে প্রিয়াঙ্কাকে এগিয়ে রেখেছে। রণবীরের মতোই তাঁর এবছরের আয় ১০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৬৪ কোটি টাকা।

অমিতাভ বচ্চন
বলিউড শাহেনশাকে কোনওদিনই তালিকা থেকে বাদ রাখা যায় না। সত্তরোর্ধ্ব এই ভদ্রলোক প্রতিবারই সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের তালিকায় থাকেন। এবছরও তিনি রয়েছেন বলিউড তারকারদের মধ্যে নবম স্থানে। বার্ষিক আয় ৯ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৫৭ কোটি টাকা।

রণবীর কাপুর
রণবীর কাপুর এইবছরের তালিকায় দশম স্থানে রয়েছেন। এবছর তাঁর আয় ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৫৪ কোটি টাকা। এবছর রণবীর অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সুপারহিট হয়েছে। সেই সাফল্যই তাঁকে প্রথম দশে জায়গা করে দিয়েছে।












Click it and Unblock the Notifications