‘চুরাকে দিল মেরা’র ম্যাজিক নিয়ে বড় পর্দায় ফের শিল্পা শেঠী, ‘হাঙ্গামা ২’ ট্রেলার মুক্তি
‘হাঙ্গামা ২’ ট্রেলার মুক্তি
বহুযুগ পর ফের বড়পর্দা কাঁপাতে আসছেন ফিটনেস কুইন শিল্পা শেঠী। বলিউডের হিট ছবির পরিচালক প্রিয়দর্শন এবার তাঁর কমেডি ছবি 'হাঙ্গামা’র সিক্যুয়েল 'হাঙ্গামা ২’ নিয়ে এলেন, যার ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার। ডিজনি প্লাস হটস্টারে এই ছবি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
ট্রেলার মুক্তি
জানা গিয়েছে, অক্ষয় কুমার, যিনি প্রিয়দর্শনের ছবি 'হেরা ফেরি'-তে পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করেছেন, তিনি এই ট্রেলারটি মুক্তি পেতে সহায়তা করেছেন। হাঙ্গামা ২-তে পরেশ রাওয়াল, মিজানা জাফেরি ও প্রণীতা সুভাষের পাশাপাশি দেখা যাবে শিল্পা শেঠীকেও, যিনি প্রায় এক দশকের বেশি সময় রূপোলি পর্দা থেকে গায়েব ছিলেন।

সিনেমার গল্প
এই ছবির গল্প মিজানার চরিত্রকে ঘিরে, যিনি এটা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন যে তিনি তাঁর কলেজ সময়কার প্রেমিকার সন্তানের বাবা নন। পরেশ রাওয়াল এই সিনেমায় 'হাঙ্গামা' ছবির চরিত্র রাধেশ্যাম তিওয়ারির ভূমিকায় অভিনয় করবেন। যাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠীকে। ট্রেলারে ৯০ দশকের হিট গান চুরাকে দিল মেরা গোরিয়া চলি-এর রিমেক্স ভার্সন শোনা যাবে। আসল গানে বলিউডকে নাচিয়েছিলেন অক্ষয় কুমার ও শিল্পা শেঠী। তবে নতুন ভার্সনেও শিল্পা ফের নিজের যাদু ছড়াবেন।

বহু অভিনেতা পরিচালকের প্রস্তাব খারিজ করে
প্রিয়দর্শন জানিয়েছেন যে তিনি প্রথমে এই ছবিতে অভিনয় করার জন্য আয়ুষ্মান খুরানা ও কার্তিক আরিয়ানকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তাঁরা দু'জনেই এই ছবি করতে অস্বীকার করেন। পরিচালক বলেন, 'আমি সরাসরি তাঁদের সঙ্গে দেখা করিনি কিন্তু আমার সিনেমার প্লট আমি আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা সহ অনেক অভিনেতাকে শুনিয়েছি। তাঁরা সকলে এই ছবি করতে অস্বীকার করেন। এখন আমি মিজানের সঙ্গে কাজ করছি। আসলে বলিউডের অভিনেতারা ভেবেছিলেন যে আমি যেহেতু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাঁচ বছর দূরে রয়েছি সেই জন্য আমি পুরনো আমলের পরিচালক।'

ছবি মুক্তির দিন
হাঙ্গামা ২-তে অভিনয় করছেন রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়া সহ অন্যান্যরা। ২৩ জুলাই ডিজনি প্লাস হটস্টারে এই ছবি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications