অবিকল সত্যজিৎ! 'অপরাজিত'র প্রথম দর্শনেই ফিরল অপু-দুর্গার স্মৃতি
'অপরাজিত'র প্রথম দর্শন
যেদিকে দুচোখ যায় সেদিকেই মাঠের মধ্যে সাদা কাশফুলের মেলা। তারই মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে আটপেরে শাড়ি জড়িয়ে দৌড়ে যাচ্ছে গ্রামের কিশোরী, আর তারই পিছনে চলেছে খুদে ভাই, মাঝেমাঝে ইতি উতি নজর খুঁজে চলেছে কাশবনে লুকোচুরি খেলা দিদিকে। অবশেষে ভাই-বোনে মিলে শুনতে পেল দূর থেকে আসা হুইসেলের শব্দ, আর তার কিছু পরেই সাদা কাশফুলের চাদর ভেঙে কালো ধোঁয়া উড়িয়ে ছুটে চলে লৌহ শকট। এই হল পথের পাঁচালীর অপু দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য। আর এটিই হল বাংলা ও বাঙালির চলচ্চিত্র প্রেমের সিগনেচার সিকোয়েন্স। সেই গভীর নস্টালজিয়া আরও একবার উঠে এল ক্যামেরায়, আর যা দেখে রীতিমত আপ্লুত গোটা বাংলা।

কাশফুল আর ট্রেন
শরতের আবহাওয়া আর কাশফুলের ময়দান, তার মধ্যেদিয়ে কালো ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে ট্রেন। যা দেখে অপার বিস্ময়ে তাকিয়ে আছে দুইজোড়া গ্রাম্য সারল্য মাখা চোখ। অপু আর দুর্গার এই দৃশ্য কার্যত বদলে দিয়েছিল বাংলা চলচ্চিত্রের সংজ্ঞা। আর সৌজন্যে অবশ্যই সত্যজিৎ রায়। কিন্তু এবার স্বয়ং রায় সাহেব ফেরত আসতে চলেছেন বড় পর্দায়। আর ফিরতে চলেছে সেই ঐতিহাসিক সিনও। যার প্রথম ঝলক দেখেই মুগ্ধ হলেন দর্শকরা।

আসছেন 'অপরাজিত'
পর্দায় সত্যজিৎ রায় হিসেবে কে অভিনয় করলে তা হবে আকর্ষণীয়, এই চর্চায় চায়ের কাপে তুফান তুলেছেন আপামর বাঙালি। আর এবার সেই সব জল্পনার অবসান ঘটাতে চলেছেন পরিচালক অনীক দত্ত। এককথায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি, এমনটাই বলছেন ফিল্ম সমালোচকরা। ১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত 'পথের পাঁচালী'। আর এত বছর পর অপরাজিত রূপে ফিরে আসতে চলেছেন সত্যজিৎ রায়।

অপরাজিতর পোস্টার
মাত্র ১০ সেকেন্ড, আর তার মধ্যেই রচিত হল ইতিহাসের প্রথম অধ্যায়। সামনে এল পরিচালক অনীক দত্তের 'অপরাজিত'র পোস্টার। সেখানে দেখা গিয়েছে সাদা কালো ফ্রেমে ছুটে চলেছে ট্রেন। আর সেইসঙ্গে বাজছে এক আবহ, যা বাঙালির মনে গেঁথে রয়েছে চিরন্তন ভাবে। সোশ্যাল মিডিয়ায় এই ছবির এক ঝলক শেয়ার করেছে 'অপরাজিত'র টিম। মঙ্গলবার পোস্টার রিলিজ নিয়ে ফের চর্চা সকলের মুখে।
সত্যজিৎ ও জিতু কমল
সত্যজিৎ রায় ও জিতু কমল, দুইজনের নামের মধ্যেই জিত কথাটির উপস্থিতি উজ্জ্বল। সত্যজিৎ রায়ের লুকে জিতু কমলকে দেখে শোরগোল পড়ে গিয়েছিল সবার মধ্যে। আর এবার সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম ঝলকেও উঠে এল সত্যজিতের ছোঁয়া। সত্যজিৎ রায় হিসেবে জিতু কমলের চেহারার হুবহু মিল তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। আর এবার সিনেমা রিলিজের অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী। 'পথের পাঁচালী' ছবি তৈরির নেপথ্য কাহিনী তুলে ধরেছেন অনীক দত্ত। এবার সিনেমা রূপেই সামনে আসছে 'অপুর সঙ্গে আড়াই বছর'এর গল্প।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications