ভারতে দিনে নারীদের পুজো, রাতে গণধর্ষণ, কমেডিয়ান বীর দাসের বিতর্কিত মন্তব্যে দায়ের এফআইআর
বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত সম্পর্কে নেতিবাচক কথা বলে বিতর্কে জড়ালেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাস। সোমবার বীর তাঁর নিজের ইউটিউব চ্যানেলে 'আই কাম ফ্রম টু ইন্ডিয়া’ নামে একটি ভিডিও আপলোড করেন, ৬ মিনিটের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখার পর নেটিজেনদের একাংশের মনে হয়েছে তিনি কমেডির আড়ালে ভারতকে অপমান করছেন। দিল্লির তিলক মার্গ পুলিশ থানায় রাজধানীর বাসিন্দা আদিত্য ঝা অভিযোগ দায়ের করেছেন। তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন যে আমেরিকায় আয়োজিত এক অনুষ্ঠানে কমেডিয়ান–অভিনেতা বীর দাস দেশ সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন।

মুম্বই পুলিশের কাছেও বীর দাসের বিরুদ্ধে আশুতোষ দুবে নামে এক আইনজীবী অভিযোগ দায়ের করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলেছেন। 'আই কাম ফ্রম টু ইন্ডিয়া’ সেগমেন্টে ভারত নিয়ে অপমানজনক মন্তব্য করাতেই ক্ষেপে লাল হয়ে যান নেটিজেনরা। ৬ মিনিটের সেই ভিডিওতে বীর ভারতের দ্বৈততা নিয়ে কথা বলেছেন এবং কোভিড–১৯ নিয়ে লড়াই, ধর্ষণের মতো ঘটনা থেকে শুরু করে কৃষকদের প্রতিবাদ সহ দেশের কিছু শীর্ষ সমস্যাগুলিকে তুলে ধরেছেন। স্ট্যান্ড আপ কমেডির একটি অনুষ্ঠানে যোগ দিতে বীর দাসকে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে ডাকা হয়েছিল ৷ সেখানে তাঁর পারফর্মম্যান্স দর্শকদের হাততালি কুড়লেও ভারতে শুরু হয়েছে জোর বিতর্ক৷
বীর দাস কমেডি করার সময় বলেন, 'আমি এমন এক ভারত থেকে এসেছি যেখানে দিনে মেয়েদের পুজো করা হয় ৷ রাতে গণধর্ষণ ৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে ছোটরা মাস্ক পরে একে অপরের সঙ্গে হাত মেলায় আর নেতারা মাস্ক ছাড়া একে অপরকে আলিঙ্গন করে ৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০০৷ তার পরেও আমরা খোলা আকাশের নীচে ঘুমোই ৷ আমি এমন এক ভারত থেকে এসেছি যেখানে জনসংখ্যার একটা বড় অংশ ৩০-এর নীচে তা সত্ত্বেও আমরা ৭৫ বছর বুড়ো নেতাদের মুখে ১৫০ বছরের পুরনো আইডিয়ার কথা শুনি ৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে পিএম কেয়ার্স নিয়ে কোনও তথ্য পাই না ৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে আমরা নিজেদের নিরামিশাষী বলে গর্ব বোধ করি আর সেই কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিই ৷’
বীর দাসের এই মন্তব্যের জেরে নেটিজেনরা এখন দ্বিধাভক্ত। অনেকেই বীর দাসের এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন আবার আবার কেউ তীব্র সমালোচনা করেছেন৷ বিদেশি দর্শকদের সামনে ভারতের জ্বলন্ত নানা সমস্যার কথা তুলে তিনি কমেডি নন দেশের অপমান করেছেন। বুধবার বলিউডের বিতর্কিত কুইন কঙ্গনা রানাওয়াত বীর দাসের তীব্র নিন্দা করেন এই ধরনের মন্তব্যের জন্য। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'আপনি যখন সমস্ত ভারতীয় পুরুষকে গণধর্ষণকারী হিসাবে বিবেচনা করেন তখন এটি সারা বিশ্বে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদ এবং উৎপীড়নের জন্ম দেয় এবং উৎসাহ দেয়। বিজেপি নেত্রী প্রীতি গান্ধী লেখেন, 'আপনি এমন ভারত থেকে এসেছেন যে দেশের বদনাম করে নিজের পেট চালান ৷ আপনি এমন এক দেশ থেকে এসেছেন যেখানে বাকস্বাধীনতার নামে দেশের বদনাম করা হয় ৷’ আরও এক টুইটার ব্যবহারকারী লেখেন, 'দিনে মেয়েদের পুজা আর রাতে গণধর্ষণ.. এটা কী ধরণের কমেডি বলতে পারেন? আপনি নিজেই হয়তো এই কাজটা করেন ৷’
এই বিতর্ক শুরু হওয়ার পরই অবশ্য মঙ্গলবার বীর দাস তাঁর টুইটারে আনুষ্ঠানিক ভিডিও করে জানান যে অনেক সমস্যার মধ্যেও ভারত যে 'মহান’ এটা বোঝাতেই ভিডিওটি আপলোড করেছেন তিনি। স্ট্যান্ড আপ কমেডিয়ান জানান, ভিডিওটা একটা উপহাস ৷ ভারতের মধ্যে যে দ্বৈততা আছে সেখান থেকেই এই দু’ধরনের বৈসাদৃশ্য ঘটে ৷ প্রত্যেক দেশের মত ভারতের ভালো–খারাপ দিক আছে ৷ এগুলো কোনওটাই গোপন নয় ৷ তিনি নেটিজেনদের পুরো ভিডিও দেখার আবেদন করেন ৷ তাঁর কথায়, জন এফ কেনেডি সেন্টারের দর্শকরা শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে ভারতের প্রশংসায় হাততালি দিয়েছে ৷ কোনও ঘৃণা মনোভাব থেকে নয় ৷ তাঁর ভিডিওটির ভুল অর্থ বের করা হয়েছে।












Click it and Unblock the Notifications