কাজল এককালে প্রত্যাখ্যান করেছিলেন শাহরুখ অভিনীত একাধিক ফিল্মের অফার! সুপারহিট ছবির তালিকা একনজরে
কাজল এককালে প্রত্যাখ্যান করেছিলেন শাহরুখ অভিনীত একাধিক ফিল্মের অফার! সুপারহিট ছবির তালিকা একনজরে
১৯৭৪ সালের ৫ অগাস্ট মুখোপাধ্যায় পরিবারের ঘর আলো করে জন্মগ্রহণ করেন কাজল। তনুজা ও সমু মুখোপাধ্যায়ের কন্যা কাজলের নাম তাঁর বাবার ডাক নাম 'কাজল' থেকেই আসে বলে শোনা যায়। এরপর ধীরে ধীরে বড় হওয়ার পালা ছিল কাজল ও তাঁর বোন তানিশার। পরবর্তীকালে বলিউড মাত করে ফিল্মের দুনিয়ায় পা রাখেন এই স্টার। বলিউডে তাঁর অভিনয় কার্যত কাশ্মীর থেকে কন্যা কুমারীর বহু মানুষের মন কেড়ে নেয়। এহেন কাজল বলিউডে এককালে পর পর ছবি প্রত্যাখ্যান করেছিলেন। একনজরে দেখা যাক সেই সমস্ত ছবির তালিকা।

শাহরুখের সঙ্গে ফিল্মের অফার হাতছাড়া!
শোনা যায় অভিনেত্রী হিসাবে কাজলের নিজের নাম যখন প্রতিষ্ঠিত তখনই একেরপর বড়সড় প্রযোজনা হাউসের বহু ফিল্ম প্রত্যাখ্যান করেন কাজল। একটা সময় যশরাজের ব্যানারে তৈরি ফিল্ম 'দিল তো পাগল হ্যায়' ছবির অফার কাজল ফিরিয়ে দেন বলে খবর। ছবিতে মাধুরী যে চরিত্রে ছিলেন সেই চরিত্রেই যশ চোপড়া কাজলকে রাখতে চেয়েছিলেন বলে গুঞ্জন। তবে ছবি ছেড়ে দেন কাজল।

শাহরুখের সঙ্গে আরও এক ব্লকবাস্টার হাতছাড়া!
মনিরত্নমের ছবি 'দিল সে' তে শাহরুখের সঙ্গে অভিনয়ের অফার পান কাজল। তবে ছবি ঘিরে ডেটের সমস্যা থাকায় ছবি ছাড়তে বাধ্য হন কাজল। বঙ্গ সুন্দরী কাজল এর আগেও দক্ষিণী ছবিতে দক্ষিণী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। প্রভু দেবা , ধনুশ অভিনীত নানান ছবিতে দেখা গিয়েছে কাজলকে।

সানির সঙ্গে ছবির অফার
সানি দেওলের সঙ্গে ছবির অফারও হাতছাড়া করেন কাজল। 'গদর' ছবিটি ভারতের চলচ্চিত্রের অন্যতম ব্লকবাস্টার ছবি । সেই ছবিতে সানি দেওলের সঙ্গে অমিশা প্যাটেলেরা জায়গায় কাজলকে অভিনয়ের অফার দেওয়া হয় প্রথমে। তবে চরিত্রটি পছন্দ না হওয়ায় তিনি অফার প্রত্যাখ্যান করেন। পরে ছবিতে অভিনয় করেন অমীশা প্যাটেল।

আরও এক শাহরুখের অভিনীত ছবি হাতছাড়া!
যশরাজ ফিল্মসের 'বীর জারা' ফিল্মটিতে অভিনয়ের অফার পান কাজল। এয়ারফোর্স অফিসার হিসাবে ছবিতে শাহরুখ অভিনীত চরিত্রটিকে দেখা যায়। ভারত পাকিস্তানের সম্পর্কের ওপর আধারিত এই ছবিতে পরে প্রীতি জিন্টা অভিনয় করেন সেই চরিত্রে যে চরিত্রের অফার কাজলের কাছে প্রথমে আসে।

'কভি আলবিদা না কহেনা'
২০০৬ সালে করণ জোহরের পরিচালনায় আসে ফিল্ম ' কভি আলবিদা না কহে না'। ছবিতে দাম্পত্য ভেঙে যাওয়া নিয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। ছবিতে প্রীতি জিন্টা ও রানি মুখোপাধ্যায়কে অভিষেক বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে দেখা যায়। ছবির অফার পেয়েও তা ডেটের সমস্যার জন্য প্রত্যাখ্যান করেন কাজল। কারণ , কাজল সেই সময় ব্যস্ত ছিলেন 'ফানা' ছবিটির জন্য।

আমিরের সঙ্গে ছবি প্রত্যাখ্যান
একটা সময় আমির খান অভিনীত ফিল্ম ' থ্রি ইডিয়টস' ছবির অফার যায় কাজলের কাছে। ছবিতে আমিরের বিপরীতে দেখা গিয়েছে করিনাকে। যদিও করিনার আগে কাজলের কাছে যায় এই ছবির অফার। তবে অফার ফিরিয়ে দেন কাজল। কারণ তিনি ছবির স্ক্রিপ্ট নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না।

ছোট্ট এই চরিত্রে অভিনয়ের অফারও ফিরিয়ে দেন!
জানা গিয়েছে, যশরাজ গ্রুপের 'মহব্বতে' ছবিকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের অফার যায় কাজলের কাছে। তবে কাজলকে এই নিয়ে প্রশ্ন করা হলে, এক সাক্ষাৎকারে তিনি জানান, যে এমন কোনও অফার তাঁর কাছে এসেছিল কি না, তাঁর মনে পড়ছে না! ফলে ওই অফারের গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

শাহরুখ-কাজল জুটি
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের একাধিক ছবি কাদল প্রত্যাখ্যান করলেও শাহরুখের সঙ্গে তাঁর সফল জুটির তাক লাগানো ছবিই শুরু হয় যশরাজের হাত ধরে। যশ চোপড়ার পুত্র আদিত্যর নির্দেশিত ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে' ছবি পর পর রেকর্ড গড়েছে। মুম্বইয়ের মারাঠা মন্দিরে ' দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে' কার্যত চলেছিল রেকর্জ সময় ধরে।এর আগে আব্বাস মস্তান পরিচালিত ' বাজিগর' দিয়ে তাঁদের জুটির পথ চলা শুরু হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখ ও কাজলকে। যাঁদের জুটি কার্যত বলিউডে সেরার সেরা তালিকায় জায়গা করেছে।মূলত, বারবার যশ চোপড়ার ছবি ফিরিয়ে দেওয়ার নেপথ্যে কাজলের ডেটের সমস্যাই বড় আকার ধারণ করে বলে বলিউডে শোনা যায় কান পাতলেই।












Click it and Unblock the Notifications