অষ্টম দিনে মাত্র ২০টি টিকিট বিক্রি, কঙ্গনা রানাওয়াতের ‘ধাকড়’–এর রোজগার মাত্র ৪,৪২০ টাকা
একদিকে যখন একের পর এক বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে চলেছে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ২, সেই সময় কঙ্কনা রানাওয়াতের ধাকড় ছবির অবস্থা খুবই করুণ। মুক্তি পাওয়ার পরে অষ্টম দিনে কঙ্কনার এই অ্যাকশন সিনেমা ধাকড় বক্স অফিসে মাত্র ৪,৪২০ টাকা সংগ্রহ করতে পেরেছে এবং গোটা দেশজুড়ে মাত্র ২০টি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিন থেকে এই ধাকড় সিনেমা খুব একটা ব্যবসা করতে পারেনি। কঙ্গনার সিনেমা সামগ্রিকভাবে ৩ কোটি টাকা আয় করতে পেরেছে।

৮০ থেকে ৯০ কোটি টাকা খরচ হয়েছে এই ধাকড় সিনেমাটি তৈরি করতে। এবং শোনা যাচ্ছে, বক্স অফিসে ব্যবসার অবস্থা দেখে ওটিটিতে ছবিটি বিক্রি করার চেষ্টা করছে 'ধাকড়’ ছবির প্রযোজক সংস্থা। পরিচালক রজনীশ ঘাইয়ের ধাকড়–এ অভিনয় করেছেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়। ধাকড় সিনেমার মিশ্র প্রতিক্রিয়া এসেছে, কিন্তু দর্শকরা এই সিনেমার পাশ কাটিয়ে চলে যাচ্ছেন।
অন্যদিকে ভৌতিক–কমেডি সিক্যুয়েল ভুল ভুলাইয়া ২, যা ধাকড়–এর সঙ্গেই মুক্তি পেয়েছিল, তা ইতিমধ্যে বিরাট ব্যবসা করেছে। ভুল ভুলাইয়া ২ অতিক্রম করে ফেলেছে ১০০ কোটির গণ্ডি। ২০০৭ সালের সিনেমার সিক্যুয়েলের পরিচালক আনিস বাজমির এই ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, টাবু ও কিয়ারা আদবাণী।
গত বছরই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি 'থালাইভি’। ছবিটি মুক্তি পায় তামিল ও হিন্দি ভাষায়। দক্ষিণেও এই ছবিটি ভালই ব্যবসা করে। অন্যদিকে শুটিং চলছে তাঁর 'তেজস’ ছবিরও। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও কঙ্গনার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। তবে দক্ষিণী ছবি 'পুষ্পা’ ছবির বক্স অফিস সাফল্য দেখে আপ্লুত হয়ে বলিউড ছবিকে নিন্দামন্দ করেছিলেন কঙ্গনা। তারই ফলশ্রুতি পেতে হল নিজের ছবিকেই।












Click it and Unblock the Notifications