এবার দুর্ধর্ষ ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন দেব
ঐতিহাসিক চরিত্র হোক কিংবা বাঘা পুলিশ অফিসার, বেশ কয়েক বছর ধরে অন্যরকম চরিত্রে দর্শকদের নজর কাড়ছেন টলিউডের সুপারস্টার দেব। বাধা ধরা মশলা ছবি থেকে বেরিয়ে এসে ছকভাঙা সিনেমাই বেছে নিচ্ছেন তিনি। কখনও নগেন্দ্র প্রসাদ, আবার কখনও বাঘা যতীন হয়ে ধরা দিয়েছেন বড় পর্দায়। তবে এবার তাঁকে দেখা যেতে চলেছে দুর্ধর্ষ ডাকাতের ভূমিকায়।
বিগত ২০২১ সালে রঘু ডাকাত ছবিটির কথা ঘোষণা করা হয়। প্রকাশ্যে আনা হয় একটি পোস্টারও। যেখানে খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ আরেক হাতে মশাল ধরে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দেবকে। তার মাথায় লাল ফেট্টি বাঁধা। সেই পোস্টারে দেবের লুক দেখে রীতিমত চমকে উঠেছিলেন দর্শকরা। কিন্তু তখন নানা রকম কারণে ক্রমাগত পিছিয়ে গিয়েছে এই ছবি তৈরির কাজ। অবশেষে সেই প্রতীক্ষা পূরণ হতে চলেছে দর্শকদের।

জানা গিয়েছে, রঘু ডাকাত ছবির কাজ নাকি শুরু করে দিয়েছেন দেব। পশ্চিমবঙ্গসহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতেও এই ছবির শ্যুটিং হবে। এই ছবির পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অষ্টদশ শতকের বাংলায় বিভিন্ন জায়গায় রাজ্ করে বেড়াতেন ভবানী পাঠক, রঘু ডাকাত, হিরু ডাকাতরা। তাঁদের ভয়ে থরহরি কম্প বাংলার মানুষ। কিন্তু তাঁরা কি সত্যিই নিছক ক্রূর ডাকাত ছিলেন? নাকি সেই কঠোরতম কাজের আড়ালে লুকিয়ে থাকত অন্য কোনও রহস্য! এবার ইতিহাসের পাতা থেকে সেইসব ঘটনাই উঠে আসবে দেবের রঘু ডাকাত ছবির হাত ধরে।
উল্লেখ্য, এই মুহূর্তে খাদান ছবির শুটিংয়ে ব্যস্ত দেব। এছাড়াও এবারের পুজায় আসছে দেবের 'টেক্কা’। এই ছবিতে স্বস্তিকাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনির্বাণ। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা মুক্তি পাবে আগামী ৮ অক্টোবর।












Click it and Unblock the Notifications