বড়পর্দা ও ছোটপর্দার পর এবার ওটিটিতে দেবশ্রী রায়! আসছে নতুন সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’
বড়পর্দা ও ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির অভিনত্রী দেবশ্রী রায়। অনলাইনে কেমিস্ট্রি পড়াবেন তিনি। কিন্তু তিনি হঠাৎ কেমিস্ট্রি পড়াবেন কেন? এই প্রশ্নের উত্তর দিল হইচই। এটা আসলে তাঁর চরিত্রের পেশা। বিষয়টা আরও বিস্তারিতভাবে বুঝতে হলে জানতে হবে এই গল্পের সারমর্ম। তাই বিলম্ব না করে জেনে নেওয়া যাক ব্যাপারটা আসলে কী?
বয়স যখন পঞ্চাশ পেরোয় তখন সুচরিতা লাহিড়ী জীবনের এক সন্ধিক্ষণে নিজেকে নতুনভাবে খুঁজে পান। ত্রিশ বছরের বিবাহিত জীবন তাঁর। একাহাতে সংসার সামলানো থেকে শুরু করে সফলভাবে সন্তানকে লালন পালন করা, সবটাই করেছেন তিনি। কিন্তু এবার তাঁর পরিবারের অন্তর্নিহিতদ্বন্দ্ব তাঁকে নিজের পরিচয় এবং মর্যাদা সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। সুচরিতা তাঁর নিজস্ব পরিচয় তৈরি করার সিদ্ধান্ত নেন।

আর সেই কারণেই সংসারের বাইরে কেমিস্ট্রির প্রতি তাঁর আবেগকে তিনি আবারও পুনরুজ্জীবিত করে একটি অনলাইন চ্যানেলের মাধ্যমে। সেই চ্যানেলের নাম 'কেমিস্ট্রি মাসি'। এই চ্যানেলের মাধ্যমেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কেমিস্ট্রি পড়ান সুচরিতা লাহিড়ী। এমনই কিছু পারিবারিক সমীকরণগুলির বদল নিয়েই আসতে চলেছে হইচইয়ের নতুন সিরিজ। যেখানে কেমিস্ট্রি মাসির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশ্রী রায়কে। এই সিরিজের হাত ধরেই ওটিটিতে তাঁর ডেবিউ হতে চলেছে।
একটা সময় অনবদ্য অভিনয়ের দ্বারা পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। কখনও কলকাতার রসগোল্লা তো কখনও আবার ডাঃ অদিতি সেন হয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের ছবি 'উনিশে এপ্রিল'-এ তাঁর অসাধারণ অভিনয় দর্শকের মনের মণিকোঠায় আজও জ্বলজ্বল করছে।
দীর্ঘদিন পর ছোটপর্দায় অভিনয় করতে দেখা যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। এবার তিনি পা রাখতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। একেবারে দর্শকের হাতের মুঠোয় এবার ধরা দেবেন কলকাতার রসগোল্লা থুড়ি দেবশ্রী রায়। এতে যে শুধু দর্শক খুশি তা নয়, খুশি অভিনেত্রী স্বয়ং। দীর্ঘ বিরতির পরে ক্যামেরার সামনে ফিরে এসে তাজা বাতাসের শ্বাসের মতো অনুভব করছেন অভিনেত্রী।
বড়পর্দা, ছোটপর্দার মতো ওটিটিতেও যে তিনি দর্শকদের সামনে আবারও স্বমহিমায় ধরা দেবেন , তা আর বলার অপেক্ষা রাখে না। এবার শুধু পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন সিরিজ 'কেমিস্ট্রি মাসি' মুক্তির অপেক্ষা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই সিরিজটি মুক্তি পাওয়ার কথা।












Click it and Unblock the Notifications