নাগার্জুন ও নাগা চৈতন্যর সঙ্গে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন এই বঙ্গতনয়া
নাগার্জুন ও নাগা চৈতন্যর সঙ্গে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন এই বঙ্গতনয়া
এবার দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাঙালি অভিনেত্রী দর্শনা বণিককে। নাগার্জুন ও নাগা চৈতন্যর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দর্শনা। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বাবা ছেলের পাশে বসে রয়েছেন বঙ্গতনয়া দর্শনা।

ম্যাজেন্ডা রঙের পোশাকে দুই দক্ষিণী তারকার পাশে দর্শনা রীতিমতো নজর কাড়ছেন। মুখে তাঁর স্মিত হাসি। দর্শনা তাঁর কেরিয়ারে এই প্রথমবার নাগার্জুন ও নাগা চৈতন্যর সঙ্গে দক্ষিণী ফিল্ম 'বাঙ্গারাজু’-তে অভিনয় করছেন দর্শনা। সেই উপলক্ষেই ছবির মিউজিক্যাল নাইটে তোলা হয়েছে ওই ফ্রেম। আদপে একটি ফ্যান্টসি কমেডি। ছবিতে দর্শনার চরিত্রটি একজন অপ্সরার। পরিচালনায় কল্যাণ কৃষ্ণা।
এর আগে নাগার্জুনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, বাংলার প্রতি নাকি বিশেষ ভালবাসা রয়েছে বছর ৬২-র ওই সুপারস্টারের। শুটিংয়ের প্রথম পর্যায়ে তাঁর ধুতি পরার স্টাইল নিয়েও নাকি দর্শনার সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে তাঁর। দর্শনার কথায়, 'আমি নাগ স্যরকে বলেছিলাম, আপনাদের ধুতি পরার স্টাইলের সঙ্গে আমাদের ধুতি পরার বেশ মিল রয়েছে। উনি জানিয়েছিলেন, বাঙালিরা পেছনে একটা কাছা দিয়ে ধুতি পরে, ওঁদের আবার সেটি নেই।’ তবে নাগার্জুন বাঙালি খাবারের বিশেষ ভক্ত। দর্শনা জানিয়েছেন, ইলিশ মাছ, রসগোল্লা ও মিষ্টি দই খেতে পছন্দ করেন নাগার্জুন।
দর্শনাকে অবশ্য নাগার্জুন রামোজির আশেপাশে কোথায় দুর্গাপূজা হয় তার খোঁজখবর দিয়েছেন। এর আগেও যদিও দক্ষিণী ছবিতে কাজ করেছেন দর্শনা। তেলুগু ছবি 'ব্ল্যাক’-এর শুটিংও শেষ। কিন্তু এই ছবি তাঁর কাছে স্পেশ্যাল। গলায় উচ্ছ্বাস মেখেই জানিয়েছিলেন, 'নাগ স্যরকে বলেছি আপনার সঙ্গে একটা সেলফি নিতেই হবে। উনি আমারও ভীষণ পছন্দের অভিনেতা।’ সেই আবদার অবশ্য পূরণ হয়েছিল তাঁর। শুধু সেলফি নয়, ফ্রেম শেয়ারও চলছে এখন নিত্যদিন।












Click it and Unblock the Notifications