Arun Roy: নতুন বছরে সিনেমা হারাল নক্ষত্রকে, চলে গেলেন পরিচালক অরুণ রায়
বছরের শুরুতেই বড় ধাক্কা বাংলার সিনে দুনিয়ায়। প্রয়াত 'বাঘা যতীন' ছবির পরিচালক অরুণ রায়। গত বছরই শেষের দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবারই জানা গিয়েছিল, কোমায় চলে গিয়েছেন পরিচালক। জীবনদায়ী ব্যবস্থার সাহায্যে তাঁকে জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে। তবে আজ সকালেই আসে দুঃসংবাদ।

যা জানা যাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত ছিলেন পরিচালক। এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন অরুণ রায়। এই প্রসঙ্গে কিছুদিন আগেই অভিনেতা চিকিৎসক ডঃ কিঞ্জল নন্দ বলেছিলেন, "তিনি ফিরে আসবেন। আবার ছবি পরিচালনা করবেন"। তবে কিঞ্জলের সেই কথা আর রইল না। অন্তরালের দেশে পা বাড়ালেন পরিচালক। প্রসঙ্গত, বলে রাখা ভালো, অরুণ রায়ের হাত ধরেই সিনেমা জগতে পা রাখেন ডঃ কিঞ্জল নন্দ। তাই আজ তাঁর মৃত্যুতে বেশ ভেঙে পড়েছেন প্রতিবাদী চিকিৎসক।
প্রসঙ্গত বলে রাখা ভালো, দেব অভিনীত 'বাঘাযতীন' ছবির শুটিং-এর সময়ই ক্যান্সার ধরা পড়ে পরিচালকের। তবে তাঁর জন্য ছবির কাজ বন্ধ রাখেননি অরুণ রায়। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে তাঁর। অসুস্থতা নিয়েই ছবির শ্যুটিং শেষ করেছিলেন পরিচালক।
শুধু 'বাঘাযতীন' নয়, শেষ করেন 'অরণ্যের দিনরাত্রি' ছবির কাজও। 'হীরালাল', 'বাঘাযতীন', 'এগারো', '৮/১২ বিনয়-বাদল-দীনেশ' ছবি তৈরি করে প্রশংসা কুড়িয়ে ছিলেন অরুণ রায়। স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া।
অরুণ রায়ের প্রয়াণে শোকস্তব্ধ পরিচালক বিরসা দাশগুপ্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এটা ঠিক করলে না অরুণ দা...'। ডঃ কিঞ্জল নন্দ লিখেছেন, "হীরালালের মতোই, আমার হীরালাল, ভালো থেকো।"
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, "পরিচালক অরুণ রায় আর নেই। নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। যে অরুণ দা কে আমরা চিনি, সেই অরুণ দা থেকে যাবেন আমাদের মনের ভিতর - ঠাট্টা, ইয়ার্কি, সিনেমা দেখা আর সিনেমার আলোচনা নিয়ে। জীবনের সবচেয়ে কঠিন বিষয়কেও মজা করে কাটিয়ে দেওয়ার মত সাহস ছিল তাঁর। শুধু যদি একটু নিয়ম, একটু সংযম......যাই হোক"।












Click it and Unblock the Notifications