করোনা পজিটিভ দক্ষিণী তারকা চিরঞ্জীবী, বাড়িতেই কোয়ারেন্টাইন, পিছোতে পারে ‘আচার্য’র শুটিং
করোনা পজিটিভ দক্ষিণী তারকা চিরঞ্জীবী
এবার কোভিড–১৯ ধরা পড়ল দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবীর। অভিনেতা নিজে এই খবর টুইটে শেয়ার করেছেন। চিরঞ্জীবীর পরবর্তী ছবি 'আচার্য’–এর শুটিংয়ের আগে বাধ্যতামূলক করোনা ভাইরাস টেস্ট করানোর সময় দুর্ভাগ্যবশত অভিনেতার রিপোর্ট পজিটিভ আসে। যদিও তিনি উপসর্গহীন আছেন এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি তাঁর টুইটে অনুরোধ করেছেন যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অবশ্যই কোভিড টেস্ট করে নেন।

চিরঞ্জীবী এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি করোনা ভাইরাস পজিটিভ। বিবৃতিতে বলা হয়েছে, 'আচার্য শুটিং পুনরায় শুরু করার আগে কোভিড টেস্ট করানো প্রোটোকলের মধ্যে ছিল এবং দুর্ভাগ্যবশত আমি পজিটিভ। আমি বর্তমানে উপসর্গহীন এবং নিজেকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রেখে দিয়েছি। গত পাঁচদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের অনুরোধ করব কোভিড টেস্ট করিয়ে নেওয়ার জন্য। আমার দ্রুত সুস্থতার আপডেট আমি জানাতে থাকব।’
নরসিংহ রেড্ডির পর, চিরঞ্জীবীর সব আশা এই আচার্য ছবিটিকে ঘিরে রয়েছে। এ বছরের মার্চে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপের ফলে চিরঞ্জীবী আচার্যের শুটিং স্থগিত রেখে দেন। তবে এখন ছবির ক্রিউ সদস্যরা পুনরায় এই ছবির শুটিং শুরু করেছেন। তবে কোভিড–১৯ বাধ্যতামূলক টেস্ট করাতে হবে সকলকে। চিরঞ্জীবী নিজে যেহেতু পজিটিভ তাই এটা বলাই বাহুল্য যে ছবির শুটিং শুরু হতে ফের অনেকটা সময় দেরি হবে। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।












Click it and Unblock the Notifications