একতা কাপুর ও মা শোভার বিরুদ্ধে পকসো ধারায় মামলা! কী করেছেন মা-মেয়ে?
একতা কাপুর ও তাঁর মায়ের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের। একটি ওয়েব সিরিজের জন্য নাবালিকা হেনস্থার অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। একতা কাপুরের মা শোভা কাপুরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
একতা কাপুর ও শোভা কাপুর অল্ট বালাজি ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার। সেখানে 'গন্ধি বাত' নামে একটি সিরিজ নিয়ে তৈরি হয় বিতর্ক৷ সেই বিতর্কে পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ কিন্তু বিষয়টা কী? কী দেখানো হয়েছে ওই ওয়েব সিরিজে?

ওই সিরিজে যৌনকর্মে যুক্ত, মাদক সেবনে নাবালিকাদের দেখানো হয়েছে। অভিযোগে জানানো হয়েছে, যারা অভিনয় করেছেন, তারা সকলেই নাবালিকা। ওই অভিনেত্রীদের বয়স ১৮ বছর হয়নি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই সিরিজ মুক্তি পেয়েছিল৷
ওই বছরই মুম্বইতে বোরিভিলি থানায় অভিযোগ দায়ের হয়েছিল৷ যোগগুরু স্বপ্নীল রেওয়াজি ওই অল্ট বালাজি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, নাবালিকা অভিনেত্রীদের দিয়ে ওয়েব সিরিজে অশ্লীল প্রদর্শন করানো হয়েছে।
সেই সূত্র ধরেই এবার পকসো আইনে মামলা দায়ের করা হল। একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের অভিযোগ উঠেছে৷ তথ্য প্রযুক্তি আইন ও নারী নিষেধাজ্ঞা আইনেও অভিযোগ করা হয়েছে। পকসো আইনের ১৩, ১৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে৷ এছাড়াও ২৯৫ (এ) ধারায় মামলা হয়েছে।
অল্ট বালাজি ওটিটি প্ল্যাটফর্মে একাধিক প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। গন্ধি বাত সিরিজটিও সেই আওতায় পড়ে। সেখানে স্কুলছাত্রীদের চরিত্রে যারা অভিনয় করেছিল, তারা সত্যিই নাবালিকা। এই অভিযোগ ওঠে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ওই সিরিজটি চলেছিল। বিতর্ক বাড়তেই সেটি আর দেখা যায় না। সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications