বলিউডে পা রাখছেন ‘ভজ গোবিন্দ’ খ্যাত অভিনেতা রোহন!
বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় ধারাবাহিক 'ভজ গোবিন্দ' খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্য। একটা সময় টলিউডে জমিয়ে কাজ করেছেন এই অভিনেতা। এবার হিন্দি ছবিতে অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করার পালা রোহনের। বলিউডের নীরজ কবি এবং দিব্যা দত্তের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রোহনকে৷ ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। বর্তমানে কলকাতাতেই হচ্ছে ছবির শুটিং। এটিই হবে হিন্দি ছবিতে রোহনের প্রথম ডেবিউ।
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির আউটডোর শুটিং সেরেছে ইউনিট। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই ছবি। বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির গল্প। এই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে।

ছবি সৌজন্য- rohaan_bhattacharjee/ instagram
সম্প্রতি বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেতা অভিনেত্রীরা। অর্থাৎ পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্র বাংলার তারকাদের রমরমা এখন সর্বত্র। যীশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো অভিনেতা অভিনেত্রীরা বলিউডের একাধিক সিনেমায় নিজেদের অভিনয় দিয়ে মাত করেছেন। সাম্প্রতিক সময়ে বাংলা ধারাবাহিক খ্যাত অভিনেত্রীদের মধ্যে দেবচন্দ্রিমা, অদ্রিজা, শ্রীতমার মতো একাধিক টলিউডের অভিনেত্রী মূল ধারার হিন্দি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এবার বলিউডে পা রাখতে চলেছেন আরও এক ধারাবাহিক খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্য।
'ভজ গোবিন্দ', 'অপরাজিতা অপু', 'তুমি আশেপাশে থাকলে'র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রোহন। 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে 'ভাসান বাপি' হিসেবে তাঁকে মনে রেখেছে বাঙালি। এবার তিনিই পাড়ি জমাচ্ছেন বলিউডে।












Click it and Unblock the Notifications