'বিশ্বাস করতে পারছি না', কান্নায় ভেঙে পড়লেন দেবশ্রী! তাপস পালের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড
সেই হাসি যেন আজও অমলিন! যৌবন থেকে বার্ধক্যের পথে এগিয়ে যাওয়া তাপস পালের সেই উজ্জ্বল হাসি তাঁর জীবনের বিভিন্ন পরতে বহু না বলা কথাই হয়তো বলে গিয়েছে! ব্যক্তি তাপস পাল, সাংসদ তাপস পাল আর অভিনেতা তাপস পালের জীবন যেন ছিল খোলা বইয়ের পাতা । যার বহু পৃষ্ঠাই বাঙালি নিজের মতো করে নাড়াচাড়া করে দেখে নিয়েছে। আর আজ ৬১ বছরের এই অভিনেতার প্রয়াণ সেই সমস্ত পুরনো স্মৃতিকে যেন বাঙালির সামনে আবারও তাজা করে দিচ্ছে। 'দাদার কীর্তি', 'উত্তরা', 'সাহেব' -এ তাঁর অভিনয়ের নিপুণতা আরও একবার উঠে আসছে বহু স্মৃতিচারণায়। এমনই কিছু পুরনো স্মৃতি আজ উঠে এসেছে টলিউডে তাপস পালের একাধিক সহকর্মীর মনে। শোকে বিহ্বল দেবশ্রী থেকে ঋতুপর্ণারা।

দেবশ্রী রায়ের প্রতিক্রিয়া
এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকাররের সময় কান্নায় ভেঙে পড়েছেন দেবশ্রী। একাধিক ছবিতে তাঁর সহ অভিনেতা ছিলেন তাপস পাল। আর মাত্র ৬১ বছর বয়সে এমন সহকর্মী, বন্ধুকে হারিয়ে দেবশ্রী বললেন, 'বিশ্বাস করতে পারছি না।.. উনি আমার পরিবারেরই একজনের মতো ছিলেন..।' এরপর আর কান্নায় ভেঙে পড়েন দেবশ্রী।

'ভাই হারালাম'..
টালিগঞ্জের অন্যতম বিখ্যাত অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও কিছুতেই মেনে নিতে পারছেন না , তাপস পালের এই অকাল প্রয়াণকে। তিনি বলেন ,'যেন ভাই হারালাম।' এরসঙ্গেই তিনি পুরনো দিনের স্মৃতি চারণা করে বলেন, 'আমরা হইহই করে একসঙ্গে কাজ করতাম। মিলেমিশে থাকতাম।..'' দাদার কীর্তি' ছবিতে তাপসের অভিনয়ের প্রশংসা করে চিরঞ্জিত বলেন, 'ওই ভূমিকায় অভিনয় আমি করতে পারতাম না।' এরপরই তিনি বলেন, যেভাবে তাপস পালের জীবনের শেষদিকটা কেটেছে , তা অত্যন্ত দুঃখজনক ।এমন একজন তারকার জীবনের শেষ লগ্ন এভাবে শেষ হবে, তা মানতে পারছেন না চিরঞ্জিত।

ঋতুপর্ণা কী বললেন?
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই দুঃসংবাদ শোনার পর থেকেই শোকে বিহ্বল। তিনি বলেন, বহুদিন দেখা না হলেও, অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে তিনি খোঁজ নিতেন। ঋতুপর্ণার দাবি, একজন 'শক্তিশালী' অভিনেতাকে হারাল বাংলা চলচ্চিত্র জগত।

প্রতিবেশী তথা সহকর্মী ইন্দ্রাণী দত্ত কী বলছেন?
অভিনয় যেমন তাঁরা একসঙ্গে করেছেন , তেমনই একই এলাকার ফ্ল্যাটে থাকতেন তাপস পাল ও ইন্দ্রাণী দত্তের পরিবার। এদিন শোকের ছায়া অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের পরিবারেও। তিনি জানান, প্রায়ই 'আড্ডা'র মেজাজে থাকতেন অভিনেতা। বলতেন, বাড়ি যেতে। আর তাপস পালের বাড়িতে প্রায়ই বসত পুরনো দিনের কথা নিয়ে গল্পের আসর।












Click it and Unblock the Notifications