মন্নত-এ আজও ফেরা হল না আরিয়ানের! জামিনের মামলা নিয়ে বম্বে হাইকোর্ট কী জানাল
মন্নত-এ আজও ফেরা হল না আরিয়ানের! জামিনের মামলা নিয়ে বম্বে হাইকোর্ট কী জানাল
বম্বে হাইকোর্টে চলেছে আরিয়ান খানের জামিনের আবেদনের মামলা। এদিন মামলায় শুনানির আগেই এনসিবি জোনাল প্রধান সমীর ওয়াংখেড়েকে কার্যত ক্লিনচিট দিয়ে দিয়েছেন আরিয়ান খান। এক হলফনামাতেই তিনি সেকথা জানিয়েছেন। এদিকে, মন্নত-এ অধীর আগ্রহে আরিয়ানের ফেরার অপেক্ষায় ছিলেন শাহরুখ খান ও গৌরী। তবে এদিনও তা হল না। এদিন বম্বে হাইকোর্টে আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলায় জামিনের আবেদন সংক্রান্ত মামলা আগামীকাল পর্যন্ত মুলতুবি রাখার নির্দেশ দেয় আদালত। ফলে এদিনও জামিন পেলেন না আরিয়ান খান। উল্লেখ্য,গত ২ রা অক্টোবর তিনি মাদক কাণ্ডে আটক হয়ে ৩ রা অক্টোবর গ্রেফতার হন। এনসিবির হাতে আরিয়ান সহ একাধিকজন গ্রেফতার হয়েছিলেন গত ৩ রা অক্টোবর।

সওয়াল জবাব
আরিয়ান খানের মামলায় এদিন আইনজীবী বদল করে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে ময়দানে নামিয়েছেন শাহরুখ খান। এদিন বম্বে হাইকোর্টে আরিয়ানের হয়ে সওয়াল করতে গিয়ে মুকুল রোহতগি জানিয়েছেন, ষড়যন্ত্রের মামলা কিছুতেই আরিয়ানের ঘটনায় কার্যকরী হয় না । বারবার তিনি আদালতে জানিয়েছেন আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। আরবাজের সঙ্গে ' মালিক , পরিচারক' এর সম্পর্ক ছিল না আরিয়ানের। এদিকে, হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয়ে মুকুল রোহতগি জানিয়েছেন, বিদেশের মাটিতে কী কথা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটে তা এদিনের আলোচ্য বিষয় হতে পারে না।

আরিয়ানের পক্ষে জোরদার সওয়াল
এদিন বম্বে হাইকোর্টে দাঁড়িয়ে এনডিপিএস অ্যাক্টের ৮ সি, ২০, ২৭ ও ২৯ ধারার কথা উল্লেখ করেন। সেখানেই তিনি জানিয়েছেন বিদেশের বুকে আরিয়ান কখনওই কোনও মামলায় অভিযুক্ত নন। ক্যানেবি বিদেশে নিষিদ্ধ নয় বলে তিনি সওয়াল করেন। এরপরই আরিয়ানের জন্য লড়তে বক্তব্য রাখেন অমিত দেশাই। তিনি বলেন , আর্চিত বলে যে ছেলেটির সঙ্গে আরিয়ান খানের যোগাযোগের বিষয়ে আলোচনা করা হচ্ছে, তা অনলাইনে কেবল পোকার খেলার বিষয়ে দুজনে চ্যাট করেন। এর বেশি কিছুই নয়।

শাহরুখ কোন উদ্বেগে!
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, আরিয়ানের মামলা চলাকালীন ব্যাপক উদ্বেগে ছিলেন শাহরুখ খান। তিনি প্রাথমিকভাবে মনে করেছিলেন যে, আরিয়ান এই মামলায় কিছুতেই জামিনে রেহাই পাবেন না। এই পরিস্থিতিতে গৌরী খানও মন শক্ত করে বসেছিলেন এই গোটা পর্ব চলাকালীন।

আরিয়ানের সামাজিক পরিচিতি
আরিয়ানের তরফে মুকুল রোহতগি জানিয়েছেন, কেবলমাত্র হোয়াটস অ্যাপ চ্যাটের ভরসায় আরিয়ানকে আজ ২০ দিন ধরে আটকে রাখা হল। তাঁর কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। একই সঙ্গে তাঁর দাবি, সামাজিকভাবে একটি পরিচিতি রয়েছে আরিয়ান খানের। তাঁর আইনজীবী প্রশ্ন করেন, যদি আরিয়ানের কাছ থেকে কোনও কিছু উদ্ধার নাই হয়ে থাকে, তাহলে জামিনে মুক্তি পেয়ে কোন প্রমাণ লোপাটের কথা তুলে জামিন নাকচের আবেদন করছে এনসিবি? এরপরই আদালত মুলতুবি ঘোষিত হয় আজকের মতো












Click it and Unblock the Notifications