মেঘলা দিনে উদাস মন সঙ্গে অর্ণব দত্তের নতুন গান, মুক্তির অপেক্ষায় ‘আয় বৃষ্টি ঝেঁপে’
'রসগোল্লা' ছবিতে 'টাপুর টুপুর' গান দিয়ে আপামর বাঙালির মন জয় করে নিয়েছিলেন সঙ্গীত শিল্পী অর্ণব দত্ত। তাঁর মিষ্টি গলার যাদুতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন শ্রোতারা। এবার ফের বৃষ্টিমুখর দিনে তাঁর কন্ঠের মধুরতা শোনা যাবে 'আয় বৃষ্টি ঝোঁপে'-তে।

বৃষ্টি ভালোবাসেন না এমন লোকের সংখ্যা খুবই কম। আর বৃষ্টির দিনে যদি এমন একটা গান পাওয়া যায়, যেখানে শুধুই বর্ষণের কথা বলা হয়েছে তবে তো সোনায় সোহাগা। এরকমই একটি গান গেয়েছেন অর্ণব। ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে গায়ক বলেন, 'ব্যস্ত জীবনের মাঝেই কাল্পনিক ভাবনা দিয়ে সাজানো হয়েছে এই স্বতন্ত্র গানটি। যাঁরা টাপুর টুপুর গানটি ভালোবাসেন তাঁরা অনেকেই আমায় বলেছেন এই ধরনের কোনও গান আবার গাইতে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই গান। নিজেদের ব্যস্ত জীবন থেকে একটু অবসর নিয়ে যদি কেই কোনও বৃষ্টিমুখর জায়গায় যেতে চায় সেটাই আমি আমার গানে তুলে ধরার চেষ্টা করলাম।' টাপুর টুপুরের পর অর্ণব দত্তকে বাংলা সিনেমায় প্লেব্যাক করতে দেখা যায়নি? শিল্পী এ প্রসঙ্গে বলেন, 'সত্যিই জানি না এর কারণ। তবে আমি বাংলা গান গাইতে চাই বেশি করে। কারণ আমি নিজেকে কম্পোজার বা গীতিকারের থেকেও গায়ক হিসাবে বেশি প্রাধান্য দিই। আমি গাইতে চাই নতুন নতুন মানুষদের সঙ্গে।'
এই গানের কথা লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গীতিকার আরিফুর রহমান রানা। তাই অর্ণব দত্তের নতুন এই গানটি প্রকাশিত হবে বাংলাদেশ থেকেই। ইঞ্জিনিয়ারিং ছেড়ে শুধুমাত্র গানের টানে মুম্বই চলে এসেছিলেন অর্ণব। ২০১২ তে ইন্ডিয়ান আইডলে চান্স পেলেও সেখান থেকে এলিমিনেট হয়ে যেতে হয় তাঁকে। কিন্তু হাল ছাড়েননি বরং গানকেই পেশা হিসাবে নেবেন বলে লড়াই চালিয়ে গিয়েছেন। অর্ণব জানান যে এখনও তিনি সেই ঝুঁকির মধ্যে দিয়েই যাচ্ছেন তবে সেই ঝুঁকিতে রয়েছে একটা আনন্দ, আত্মতুষ্টি।
অর্ণব ইতিমধ্যে বলিউডে বেশ কয়েকটি গান গেয়ে ফেলেছেন। হাতে রয়েছে বেশ কিছু ওয়েব সিরিজে গান গাওয়ার সুযোগ। এছাড়া 'অ্যাসপিরেন্টস' সিরিজের অর্ণব দত্তের বেপরওয়া গানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। এত কিছুর মধ্যেও বাংলা ইন্ডাস্ট্রিতে কোথাও যেন নিজের জায়গা করে উঠতে পারেননি অর্ণব দত্ত। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবিরত। রয়েছে একরাশ আশাও যে আবার তিনি বাংলা গান গেয়ে শ্রোতাদের মন জয় করতে পারবেন। আপাতত মুক্তির অপেক্ষায় 'আয় বৃষ্টি ঝেঁপে'। যা নতুন আশা জাগাচ্ছে শিল্পীর মনে।












Click it and Unblock the Notifications