বাবা যাদবের পরিচালনায় বন্ধ ছবির শুটিং শুরু, ৬ বছর পর বড় পর্দায় ম্যাজিক দেখাবেন অঙ্কুশ–শুভশ্রী
৬ বছর পর বড় পর্দায় ম্যাজিক দেখাবেন অঙ্কুশ–শুভশ্রী
মা হওয়ার পর এই প্রথমবার ছবির শুটিং করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রায় দেড়বছর পর শুটিং ফ্লোরে ফিরলেন তিনি, তাও আবার তাঁর পুরনো বন্ধু তথা সহ–অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। যাঁর পরিচালনায় এই ছবির শুটিং হচ্ছে, তিনিও শুভশ্রী ও অঙ্কুশের খুবই ঘনিষ্ঠ বন্ধু তথা টলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

দেড়বছর পর শুরু শুটিং
প্রসঙ্গত, বাবা যাদবের এই সিনেমার শুটিং ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয়। কিন্তু পরবর্তীকালে করোনা মহামারির দাপট ও শুভশ্রীর গর্ভবতী হয়ে যাওয়ার কারণে মাঝপথেই শুটিং বন্ধ করে দিতে হয় পরিচালককে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ও শুভশ্রীর মাতৃত্বকালীন অবসর শেষ হওয়ার পরই ফের জোরকদমে শুটিং শুরু হয়ে গিয়েছে। দেড় বছর পর শুরু হল সুরিন্দর ফিল্মসের ছবির শুটিং। তবে ছবির নাম এখনও কিছু ঠিক হয়নি। শুটিংয়ের চেনা ছন্দে ফিরতে পেরে অসম্ভব খুশি শুভশ্রী ও অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় তারই ছোট ছোট চিত্র ধরা পড়ছে।

শুটিং ফ্লোরে মজাদার ঘটনা
এমনিতে শুভশ্রী-অঙ্কুশ একে অপরের খুবই ভালো বন্ধু হিসাবেই টলি পাড়ায় পরিচিত। সোশ্যাল মিডিয়ায় শুভশ্র ও অঙ্কুশের খুনসুটি মাঝেমাঝেই চোখে পড়ে নেটিজেনদের। শুটিং ফ্লোরেও তার ব্যতিক্রম হল না। শুটের সময় ইন্টারনেটে একটি ভিডিও দেন অঙ্কুশ। সেখানে অদ্ভুত ভঙ্গিমায় দেখা গিয়েছে অঙ্কুশ, শুভশ্রী ও বাবা যাদবকে। অঙ্কুশ লিখেছিলেন, 'সবাইকে ভূতে ধরেছে!' শুভশ্রী সঙ্গে সঙ্গে লেখেন, 'স্পেশালি তোমাকে।' আসলে এই ছবির গল্প অতি প্রাকৃত বিষয় নিয়েই। অন্যদিকে শুভশ্রী অঙ্কুশের শুটিং ফ্লোরে ঘুমনোর ছবি পোস্ট করেছেন। তা দেখে নেটিজেনরা হেসে কুটোপুটি।
৬ বছর পর একসঙ্গে অঙ্কুশ–শুভশ্রী
অঙ্কুশ ও শুভশ্রীকে শেষবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল 'আমি শুধু চেয়েছি তোমায়'। এরপর আর তাঁদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি। সেই সিনেমার ৬ বছর পর ফের বড় পর্দায় অঙ্কুশ-শুভশ্রীর ম্যাজিক দেখা যাবে। তাই শুভশ্রী ও অঙ্কুশ দু'জনে খুবই উৎসাহিত। বছর দেড়েক আগে বাবা যাদবের নতুন ছবির প্রথম পোস্টার সবাইকে চমকে দেয়। ছবির আরও চমক বাকি আছে, যা ক্রমশঃ প্রকাশ্য।
করোনা মহামারিতে বন্ধ শুটিং
২০২০ সালের শুভশ্রীর অন্তঃসত্ত্বা হয়ে যাও ও করোনা মহামারি দুই মিলিয়ে ছবির শুটিং পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। অথচ বাজারে ছবির পোস্টার এসে গিয়েছে। স্বাভাবিকভাবেই চাপে ছিলেন ছবির পরিচালক-প্রযোজকরা। তবে করোনা পরিস্থিতি একটু সামলে ওঠার পরই ছবির বাকি শুটিংয়ের কাজ শুরু করে দিতে দেরি করেননি পরিচালক। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাই গানও যে সুপার হিট হবে সেই আশাই করছেন দর্শকেরা।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications