Amitabh Bachchan: অমিতাভ-জয়ার বিয়ের মেনুতে কী ছিল, কেবিসির মঞ্চে শেয়ার করলেন বিগ বি
কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর একটি সাম্প্রতিকতম পর্বে, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তাঁর ব্যক্তিগত জীবনের নানা গল্প শেয়ার করেছেন। বিশেষ করে তাঁর বিয়ের দিনগুলির সম্পর্কে জানিয়েছেন। গেম চলাকালীন, ওড়িশার বাসিন্দা শ্রাবণী জেনা নামে একজন প্রতিযোগী অমিতাভ বচ্চনের সঙ্গে হটসিটে বসে গল্প শুরু করেন।
তিনি বিগ বি-র বিয়ের বিস্তারিত গল্প, বিশেষ করে মেনু সম্পর্কে কৌতূহলী ছিলেন। সেখানেই বিয়ের সময় কী মেনু হয়েছিল তা প্রকাশ্যে আনেন বিগ বি। অমিতাভ বচ্চন শোয়ের মাঝেই জানান, অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তাঁর বিবাহ হয় ৩ জুন, ১৯৭৩ সালে। সেই অনুষ্ঠানে ছিল না কোনও আড়ম্বর। বাড়িতে তৈরি খাবারই পরিবেশন করে খাওয়ানো হয়েছিল।

অমিতাভ বচ্চনের এভাবে তাঁর বিয়ের দিনের গল্প খোলাখুলি শেয়ার করায় তা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অমিতাভ এবং জয়া বচ্চন বলিউডের আইকনিক দম্পতিদের একজন। ৫০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা বিবাহিত। তাঁদের তারকা খ্যাতি হওয়া সত্ত্বেও, তাঁদের বিয়ের সরলতা, যেমনটি কেবিসি মঞ্চে বচ্চন বর্ণনা করেন, তা অনেককে অবাক করেছে। বিগ বি আরও জানান, বিয়েতে তাঁর পক্ষে মাত্র পাঁচজন অতিথি ছিলেন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় ছাড়া কেউ সেই বিয়েতে উপস্থিত ছিলেন না।
মজার বিষয় হল, কেবিসি শোয়েই এই প্রথমবার নয়, এর আগেও অমিতাভ বচ্চনের বিয়ে নিয়ে কথা হয়েছে এবং তা উন্মাদনা তৈরি করেছিল। কিছুদিন আগে তাঁদের বিয়ের কার্ড, মেনু কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা ভক্তদের মধ্যে গুঞ্জন এবং নস্টালজিয়া তৈরি করেছিল। সেই ছবিগুলি অমিতাভ বচ্চন নিজে শেয়ার করেন। তাঁর কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং অভিষেক বচ্চনও একটি বিশেষ ইভেন্টের সময় তাঁদের বাবা-মায়ের বিশেষ দিন থেকে স্মৃতি ধার করে শুনিয়েছিলেন। সবমিলিয়ে কেবিসিতে এক বিরল মুহূর্ত তৈরি হয় বচ্চন অনুরাগীদের জন্য।
অমিতাভ বচ্চন এই ৮২ বছর বয়সেও তাঁর কাজের মাধ্যমে দর্শকদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম এবং টেলিভিশন শো কৌন বনেগা ক্রোড়পতিতে তাঁর উপস্থিতি ভক্তদের মনে উন্মাদনা তৈরি করে। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বা টিভি শোয়ে ব্যক্তিগত নানা ঘটনা, গল্প শেয়ার করেন। কৌন বনেগা ক্রোড়পতিকে শুধুমাত্র নিজের সঞ্চালনার মধ্য দিয়ে অমিতাভ বচ্চন যে মাত্রায় তুলে নিয়ে গিয়েছেন তা এক কথায় অনবদ্য। বিশেষ করে প্রতিযোগীদের সঙ্গে যেভাবে একান্ত হয়ে ওঠেন বিগ বি, যেভাবে তাঁদের জীবনের গল্প মন দিয়ে শোনেন, ফাঁকে ফাঁকে নিজের নানা মুহূর্ত শেয়ার করেন, তা শোয়ের মানকে আরও বাড়িয়ে তোলে।
কৌন বনেগা ক্রোড়পতিতে বিগ বি-র বিয়ের মেনু সম্পর্কে যা জানিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত জীবনের সরলতাকেই ইঙ্গিত করে। বলিউডের শাহেনশাহ হয়েও তিনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে সহজতাকে ধরে রেখেছেন, এই দৃষ্টিভঙ্গিই জনমানসে ফুটে ওঠে।












Click it and Unblock the Notifications