করোনায় আক্রান্ত অক্ষয় কুমারকে ভর্তি করা হল মুম্বইয়ের হাসপাতালে
অক্ষয় কুমারকে ভর্তি করা হল মুম্বইয়ের হাসপাতালে
রবিবারই অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। কিন্তু সোমবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, অভিনেতাকে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে রবিবার বিকেল পাঁচটা নাগাদ ভর্তি করা হয়। সোমবার অক্ষয় কুমার তাঁর পেজে লেখেন যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অক্ষয় কুমার তাঁর পোস্টে লেখেন, 'সকলের উষ্ণ শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এগুলি কাজ করছে। আমি ভালো আছি, কিন্তু আগাম সতর্কতা অবলম্বনের জন্য চিকিৎসকদের পরামর্শ মতো আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করছি আমি শীঘ্রই বাড়ি ফিরব। সাবধানে থাকবেন।’ রবিবারই অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হন এবং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে সকলকে জানান। বলিউডে ফিট অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমারের নাম সকলের আগে নিতে হয়। শরীরচর্চা থেকে শুরু করে খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ এই সবই অক্ষয়কে এখনও সুস্থ ও ফিট রেখেছে। অযোধ্যাতে তাঁর আগামী ছবি 'রাম সেতু’র শুটিংও চলছে। তবে অক্ষয়ের কোভিড–১৯ ধরা পড়ায় তিনি এখন এই শুটিং বন্ধ রেখেছেন।
মুম্বইয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে, যার ফলস্বরূপ বহু বলিউড অভিনেতা–অভিনেত্রী এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন। আলিয়া ভাট থেকে রণবীর কাপুর সকলেই করোনায় আক্রান্ত হয়ে কাজ থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন। অক্ষয় কুমারের করোনা ভাইরাসের খবর ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যেই গোবিন্দারও কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ে এবং তিনি বাড়িতেই রয়েছেন আইসোলেট হয়ে। এছাড়াও আমির খান, আর মাধবন, কার্তিক আরিয়ান,মনোজ বাজপেয়ী, পরেশ রাওয়াল, তারা সুতারিয়া, সিদ্ধান্ত চতুর্বেদি, সতীশ কৌশিক ও বাপি লাহিড়িও করোনায় আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications