ফের পিছলো আমির খানের ‘লাল সিং চাড্ডা’র মুক্তি, নতুন মুক্তির দিন ঘোষণা
ফের পিছলো আমির খানের ‘লাল সিং চাড্ডা’র মুক্তি, নতুন মুক্তির দিন ঘোষণা
ফের পিছিয়ে গেল আমির খান–করিনা কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা’র মুক্তি। এর আগেও একাধিকবার এই সিনেমার মুক্তি পিছিয়ে গিয়েছিল। হলিউড ছবি ফরেস্ট গাম্প–এর হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ১৪ এপ্রিল, বৈশাখীর দিন। যদিও ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন ফের এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হবে। এর কারণ হল এখনও সিনেমাটির শুটিং সম্পূর্ণ হয়নি। কিছুদিন আগেই লাল সিং চাড্ডা–এর নির্মাতারা এই সিনেমার নতুন মুক্তির দিন ঘোষণা করেন।

সদ্যই আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির মুক্তির দিন ফের পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নতুন মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। এদিন আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, 'পরিকল্পনা মতো লাল সিং চাড্ডা ছবি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে না। কারণ, আমরা সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে পারিনি। ছবিটি আগামী ১১ অগাস্ট বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পাশাপাশি আমরা শ্রী ভূষণ কুমার, টি সিরিজ, ওম রাউত এবং আদিপুরুষ ছবির গোটা টিমকে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ওঁদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সহায়তা করার জন্য এবং সঠিক বোঝাপড়ার জন্য। প্রভাস, সইফ আলি খান, কৃতী শ্যানন, অভিনীত বহু প্রতীক্ষিত ছবি আদিপুরুষ–এর মুক্তির দিন বদল করার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। এবার আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে পারে লাল সিং চাড্ডা।’ জানা গিয়েছে, ছবির নতুন মুক্তির দিন ঘোষণার কিছুক্ষণ আগেই টি সিরিজের অফিসের বাইরে দেখা যায় আমির খানকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা’ ছবির পোস্টার শেয়ার করে জানিয়েছিলেন যে, ভ্যালেন্টাইন্স ডে–তে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা বদলে পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে। আমির খানের 'লাল সিং চাড্ডা’ ছবি দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর। কিছুদিন আগেই লাদাখে ছবির শুটিং করার সময় আমির খান এবং কিরণ রাওয়ের সঙ্গে তিনি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 'লাল সিং চাড্ডা’ ছবি দিয়ে দীর্ঘদিন বাদে বড় পর্দায় ফিরতে চলেছেন আমির খান। অন্যদিকে, করিনা কাপুর খানের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ।












Click it and Unblock the Notifications