১৩ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন রণবীর কাপুর ও বিপাশা বসু
ফের একসঙ্গে কাজ করবেন রণবীর কাপুর ও বিপাশা বসু
আবার একসঙ্গে দেখা যাবে বিপাশা বসু ও রণবীর কাপুরকে বড় পর্দায়। তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৮ সালে 'বাচনা অ্যায় হাসিনো’ ছবিতে। এরপর দীর্ঘ সময় রণবীর–বিপাশাকে একসঙ্গে আর কাজ করতে দেখা যায়নি। তবে ১৩ বছর পর ফের একসঙ্গে রণবীর–বিপাশা কাজ করছেন, না কোনও ছবিতে নয় বরং বিজ্ঞাপনে তাঁদের একসঙ্গে দেখা যাবে।

এরপরই ভক্তরা জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছেন তবে কি বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে রণবীর ও বিপাশাকে। টুইটারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন, ছবির বিষয় ভাল হলেই বড় পর্দায় অভিনয় করবেন তিনি। প্রসঙ্গত, বহু বছর পর বিজ্ঞাপনের মাধ্যমেই কাম্যাক হচ্ছে বিপাশার। এর আগে বিপাশার 'হেরা ফেরি’, 'ধুম ২’, 'জিসম’, 'রাজ’–এর মতো সফল ছবিতে অভিনয় করেছেন। বিয়ের পর স্বামী করণের সঙ্গে তিনি ২০১৫ সালে 'অ্যালোন’ ছবিতে অভিনয় করেছিলেন।
ওয়েব সিরিজেও ইতিমধ্যে হাতেখড়ি হয়েছে তাঁর। সম্প্রতি বিপাশা ও করণ মলদ্বীপে তাঁদের ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই দারুণভাবে করণের জন্মদিনও পালন করেন বিপাশা। বিকিনি থেকে হট ড্রেস সব ছবি ইনস্টাগ্রামে ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি। খুব ভালোভাবে ছুটি উপভোগ করে এসে এবার বিপাশা কাজে মন দিতে চাইছেন।
অন্যদিকে, রণবীরের 'ব্রহ্মাস্ত্র’ প্রায় মুক্তির মুখে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। বি টাউনে আলিয়া ও রণবীরের সম্পর্ক নিয়েও বেশ জোরদার গুঞ্জন চলছে। এই দুই তারকার বিয়ে কবে হতে চলেছে তা নিয়েও জল্পনা কল্পনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications