সুশান্ত কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় সিবিআই তদন্তের দাবি জানালেন অভিনেতার প্রাক্তন দুই প্রেমিকা
সুশান্ত কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় সিবিআই তদন্তের দাবি জানালেন অভিনেতার প্রাক্তন দুই প্রেমিকা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মুম্বই পুলিশ, ইডি, বিহার পুলিশ তদন্ত করতে শুরু করেছে। তবে এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক, তা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছিলেন সুশান্তের পরিবার ও নেটিজেনরা। বিহার সরকারের সুপারিশে কেন্দ্র সরকার ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআইকে তদন্ত করার সম্মতি দিয়েছে। এবার সিবিআইয়ের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সুশান্ত সিংয়ের প্রাক্তন দুই প্রেমিকা।

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নিজের ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেন। তিনি জানিয়েছেন যে প্রয়াত অভিনেতার প্রিয়জনেরা আসল সত্যটা জানতে চান। প্রসঙ্গত, ২০১৭ সালে 'রাবতা’ ছবিতে সুশান্ত ও কৃতি একসঙ্গে কাজ করেন। সেখান থেকেই তাঁদের প্রেম পর্ব শুরু হয়। তবে তা বেশিদিন টেকেনি। এরপরই ২০১৯ সালে সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ান 'জিলিপি’ অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কৃতি তাঁর পোস্টে লেখেন, 'আমি প্রার্থনা করব খুব শীঘ্রই যেন সত্য উদঘাটন হয়। তাঁর পরিবার, বন্ধু, অনুগামী এবং সব প্রিয়জনেদের এটা জানার অধিকার রয়েছে। কোনও ধরনের রাজনৈতিক চাপ ছাড়াই যাতে সবকিছু প্রকাশ্যে আসে, সিবিআই যেন তদন্তের ভার নেয়, যাতে সুশান্তের পরিবার বিচার পায়।’ পাশাপাশি সুশান্তের আত্মা যাতে শান্তি পায় সেটাও জানান তিনি।
কৃতি শ্যাননের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক বলে দাবি জানান অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের মৃত্যুর বিচার চাই বলে একটি ভিডিও প্রকাশ করেন প্রয়াত অভিনেতার এক সময়ের বান্ধবী। প্রসঙ্গত, একতা কাপুরের 'পবিত্র রিস্তা’ দিয়ে পথ চলা শুরু হয় সুশান্ত এবং অঙ্কিতার। এখান থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তা চলে দীর্ঘ ছ’বছর। কিন্তু আচমকাই এই সম্পর্ক ভেঙে যায়। তবে সুশান্তের মৃত্যুতে গভীরভাবে শোকাহত অঙ্কিতা। বারংবার তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে উঠে এসেছে সেই গভীর দুঃখ। অঙ্কিতা দাবিও করেছেন যে আত্মহত্যা করার মতো ছেলে ছিলেন না সুশান্ত।
অন্যদিকে মুম্বই পুলিশের তদন্তের ওপর কোনও ভরসা করতে পারছে না সুশান্তের পরিবার। তাদের দাবি মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত অন্যদিকে নিয়ে যাচ্ছে। পরিবারও তাই শীঘ্রই সিবিআই তদন্ত চাইছে।












Click it and Unblock the Notifications