গণপিটুনি নিয়ে মোদীকে চিঠি পাঠানোর পর থেকেই প্রাণনাশের হুমকি কৌশিক সেনকে
দেশজুড়ে বাড়তে থাকা অসহিষ্ণুতার প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান দেশের বিভিন্ন প্রান্তের ৪৯ জন বুদ্ধিজীবী।
দেশজুড়ে বাড়তে থাকা অসহিষ্ণুতার প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান দেশের বিভিন্ন প্রান্তের ৪৯ জন বুদ্ধিজীবী। যে চিঠিতে স্বাক্ষর ছিল অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনুরাগ কশ্যপ, মনিরত্নমের মতো বিশিষ্টজনদের। আর সেই চিঠিপাঠানোর পরই কলকাতার বুকে কৌশিক সেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই বিশিষ্ট তারকা।

বিশিষ্টজনেদের দাবি ছিল, দেশে যেভাবে গণপ্রহার ও অসহিষ্ণুতা বেড়ে চলেছে তা রীতিমতো উদ্বেগজনক। সেই চিঠি ঘিরেই বুধবার গোটা দিন তোলপাড় হয়েছে ভারতীয় রাজনীতি। সোশ্যাল মিডিয়া জুড়েও এই খবর ঘিরেই আলোচনা চলতে থাকে। প্রসঙ্গত এই চিঠিতে স্বাক্ষরিত নামের তালিকায় ছিল কৌশিক সেনের নামও। এরপরই অভিনেতার দাবি,তাঁকে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বিষয়টি কৌশিক পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন বলে খবর। বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।
উল্লেখ্য, বিশিষ্টজনেদের চিঠির পরই পাল্টা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও জবাব দেওয়া হয়। এরপরই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানিয়ে দেয়,এমন কোনও ধরনের রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নেই।ফলে এই দাবির কোনও ভিত্তি নেই। এরপরই সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশিষ্টজনেদের দাবিকে সম্পূর্ণ সমর্থন জানান।












Click it and Unblock the Notifications