Dibyendu Bhattacharya: 'আমার কাছে নতুন বলে কিছু নেই.....', আজকের কথোপকথনে দিব্যেন্দু ভট্টাচার্য
'মনসুন ওয়েডিং'-এই প্রথম দেখা গিয়েছিল তাঁকে। তারপর 'দেব ডি', 'অব তক ছাপ্পান', 'লুটেরা', 'মিশন রানিগঞ্জ'-সহ একাধিক হিন্দি ছবির মাধ্যমে বলিউডে পাকাপাকি জায়গা করে নেন তিনি। শুরু থেকে নামটা না বলায় নিশ্চয়ই আপনাদের মনে 'গজব টোপিবাজ আদমি হো ইয়ার', এই সংলাপটি ঘুরপাক খাচ্ছে? হ্যাঁ, এবার আপনারা যা ভাবছেন ঠিক তাই। প্রতিবেদনের শুরুতে যাঁর কথা লিখেছি তিনি হলেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ওয়েব সিরিজ 'গৃহলক্ষ্মী'। পরিচালক সোনু সুদের সঙ্গেও কাজ করেছেন তিনি। সবমিলিয়ে কেমন অভিজ্ঞতা হলো অভিনেতার? তা জানতেই অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হয়। কোন প্রশ্নের কী উত্তর দিয়েছেন তিনি? দেখে নিন।

প্রশ্ন: সম্প্রতি মুক্তি পাওয়া 'গৃহলক্ষ্মী' সিরিজে চাঙ্কি পাণ্ডে, হিনা খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
উত্তর: খুবই ভালো অভিজ্ঞতা। হিনা খান একজন ভালো সহ অভিনেত্রীর পাশাপাশি একজন ভালো মানুষও। চাঙ্কি পাণ্ডের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করিনি। তবে, শুটিং ফ্লোরে দেখা হয়েছিল। তখন আমার সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছিল। সেইসময়ই জানতে পেরেছিলাম যে মানুষটি কতটা নম্র এবং কতটা মাটির মানুষ।
প্রশ্ন: একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'গৃহলক্ষ্মী'। এই নতুন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে কেমন লাগল?
উত্তর: আমি একজন অভিনেতা। অভিনয় করা আমার কাজ। সেখানে ছোট, বড়ো, নতুন বলে কিছু নেই। আমি কোনও ভেদাভেদ করিনা। সবরকম প্ল্যাটফর্মেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ফলে খারাপ লাগার তো প্রশ্নই নেই। বাকি ওটিটি প্ল্যাটফর্মে যেভাবে কাজ করি। এখানেও সেভাবেই কাজ করেছি। তাই এই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতাও ভালো।
প্রশ্ন: অভিনেতা সোনু সুদের সঙ্গে কাজ করেছেন। এবার 'ফতেহ'-তে পরিচালক সোনু সুদের কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?
উত্তর: আগেই জানিয়ে রাখি, সোনু সুদ আমার বন্ধু। গত ২৪ বছর ধরে আমরা একসঙ্গেই থাকি। সোনু আমাদের পরিবারেরই একজন। ওঁর সঙ্গে কাজ করতে মানে সেটা পারিবারিক কাজ হয়ে যায়। ওঁর মনে যে গল্পটা ছিল, সেটা দিয়েই সিনেমাটা বানিয়েছে। সেখানে আমাকে একটা চরিত্র দিয়েছে। সবমিলিয়ে অভিজ্ঞতা অবশ্যই খুব ভালো।
প্রশ্ন: সম্প্রতি 'গৃহলক্ষ্মী'তে খলনায়কের চরিত্রে আপনাকে দেখা গিয়েছে। কিন্তু আপনার স্বপ্নের চরিত্র কোনটি?
উত্তর: আমার স্বপ্নের কোনও চরিত্র নেই। আমি সবরকম চরিত্রে অভিনয় করতে ভালোবাসি। নির্দিষ্ট কোনও চরিত্রের জন্য কখনওই বসে থাকি না।
প্রশ্ন: টলিউডে আপনাকে আবার কবে দেখা যাবে?
উত্তর: পশ্চিমবঙ্গকে, কলকাতাকে জিজ্ঞেস করতে হবে, তারা কবে আমাকে দেখাবে। কারণ এটা আমার হাতে নেই। পরিচালকরাই ঠিক করেন তাঁরা কোন চরিত্রে কোন অভিনেতাকে নেবেন। এর জন্য পরিচালককে আমাকে নিয়ে ভাবতে হবে। টলিউডে কোনও চরিত্রে কেউ আমাকে নিয়ে ভাবলে অবশ্যই সেই ছবি আমি করবো। কিন্তু সেটা না হলে হিন্দির দিকেই এগোতে হবে।
প্রশ্ন: কলকাতায় স্টার থিয়েটারের নাম 'বিনোদিনী' হয়েছে। কতটা খুশি হয়েছেন?
উত্তর: খুব ভালো হয়েছে। আমি ভীষণ খুশি। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। নতুন করে এবার থিয়েটারকে ফিরে পাওয়া গেল। এটাই তো হওয়া উচিৎ। এভাবেই আমাদের সংস্কৃতিগুলোকে ধরে রাখতে হবে।












Click it and Unblock the Notifications